spot_img
spot_img

বিএসএফের হাতে হত্যার শিকার মুরসালিন ও নবীর পরিবারের পাশে জামায়াত নেতারা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে হত্যার শিকার মোহাম্মদ মুরসালিন ও নবীর হোসেনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা।

শুক্রবার (২৯ মে) বিকেলে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকারের নেতৃত্বে জেলা ও উপজেলা জামায়াতের একটি প্রতিনিধি দল নিহতদের বাড়িতে যায়। এ সময় তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, সান্ত্বনা দেন এবং ঈদুল আজহার শুভেচ্ছা জানান।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের যুব বিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, কসবা উপজেলা জামায়াতের নায়েবে আমির শিবলী নোমানী, কসবা পৌরসভা জামায়াতের আমির হারুন অর রশীদ, জেলা জামায়াতের প্রচার সম্পাদক সাইফুল্লাহ আল আরিফ, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসান ও সেক্রেটারি আহমেদ বাদল।

এ সময় জামায়াত নেতারা নিহত নবীর হোসেনের মা জাকারিয়া বেগম ও নিহত মুরসালিনের বাবার সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।

জামায়াত নেতা আতাউর রহমান সরকার বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনা মেনে নেওয়া যায় না। দুঃখজনক এই ঘটনায় সরকারের উচিত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করে ভারতের কাছে প্রতিবাদ জানানো।

তিনি আরও বলেন, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হলেও সার্বভৌমত্ব হারিয়েছে ভারতের হাতে। সীমান্তে পাখির মতো গুলি করে বাংলাদেশিদের হত্যার ঘটনাগুলো সুস্পষ্ট আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এগুলো বন্ধ না হলে বাংলাদেশের বিপ্লবী ছাত্র-জনতা দেশের সীমান্ত রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ