চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী বেঁচে থাকা পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আর এ দেশে রাজনীতি করতে দেওয়া হবে না।
শনিবার (৩০ মে) চট্টগ্রামের রাঙ্গুনিয়ার জিয়ানগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হুমাম কাদের চৌধুরী রাঙ্গুনিয়াবাসীর পক্ষ থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক দিন। দীর্ঘ ৪৫ বছর ধরে আমরা এই মাজারে নিয়মিত আসছি। আমাদের যেকোনো জাতীয় কর্মসূচি ঢাকায় অনুষ্ঠিত হলেও এখানকার দোয়া মাহফিলের মাধ্যমে আমরা তা শুরু করি।
বিগত সরকারের আমলে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, কয়েক বছর আগেও যখন আমরা এখানে দোয়া করতে ও ফুল দিতে আসতাম, তখন নানা বাধার সম্মুখীন হতে হতো। অনেক সময় রাতের আঁধারে কিংবা ফজরের সময় এখানে আসতে হয়েছে। সবসময় হামলার আশঙ্কা ছিল।
হুমাম কাদের চৌধুরী বলেন, যারা আমাদের ওপর হামলা করেছিল, তাদের বিচার নিশ্চিত করা হবে।
পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির সামনে দাঁড়িয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন তিনি। এ সময় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান হুমাম কাদের চৌধুরী।











