গত বছর ভারত-পাকিস্তান সংঘাতের সময় পাকিস্তানি ড্রোন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের ওপর ওড়ানো হয়েছিল বলে দাবি করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।
সিন্ধু প্রদেশের মোরোতে এক জনসমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ দাবি করেন।
আসিফ আলি জারদারি বলেন, এক সপ্তাহের সংক্ষিপ্ত সংঘাতে ভারতকে শিক্ষা দেওয়া হয়েছে। আমার বাসভবনের ওপর কোনো ড্রোন যায়নি, বরং নরেন্দ্র মোদির বাসভবনের ওপর ড্রোন ওড়ানো হয়েছিল।
পাকিস্তানের প্রেসিডেন্ট আরও দাবি করেন, ভারতীয় যেসব যুদ্ধবিমান পাকিস্তানের আকাশসীমায় ঢুকে বোমাবর্ষণ করেছিল, শুধু সেগুলোই ভূপাতিত করা হয়েছে। আরও ৪০টি ভারতীয় বিমান পাকিস্তানের রাডারে ছিল। তবে সেগুলো ভূপাতিত করা হয়নি।
জারদারির এই বক্তব্য ঘিরে ভারতীয় গণমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে পাকিস্তানি ড্রোন সত্যিই মোদির বাসভবনের ওপর ওড়ানো হয়েছিল কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি তার এই বক্তব্যকে ভিত্তিহীন দাবি হিসেবে উল্লেখ করেছে।
গত বছরের ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তোলে ভারত। তবে পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করে এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানায়।
পেহেলগাম হামলার পর পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালায় ভারত। জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তানও। কয়েক দিনের পাল্টাপাল্টি হামলা, গোলাবর্ষণ, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।
পরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ওয়াশিংটনের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তবে ভারত তৃতীয় পক্ষের মধ্যস্থতার বিষয়টি স্বীকার করেনি।
সূত্র : বিজনেস রেকর্ডার, এনডিটিভি











