বারবার ভাষায় পবিত্র কুরআনের অর্থ অনুবাদক আলজেরিয়ার বিশিষ্ট আলেম ও শিক্ষাবিদ শেখ সিদি আল-হাজ মুহান্দ তাইয়্যেব ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (৩০ মে) আলজেরিয়ার তিজি ওজু প্রদেশে ৯২ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। দীর্ঘ ইলমি ও দাওয়াতি জীবনে তিনি পবিত্র কুরআনের খেদমত, শিক্ষা বিস্তার ও সমাজসেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন।
শেখ সিদি আল-হাজ মুহান্দ তাইয়্যেব আলজেরিয়ার একজন পরিচিত আলেম, শিক্ষাবিদ ও দাঈ ছিলেন। শিক্ষক, পরিদর্শক ও ইমাম হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি আলজেরিয়ার ভেতরে ও বাইরে বিভিন্ন ইলমি, বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক কার্যক্রমে সক্রিয় ছিলেন।
ইসলামি মূল্যবোধের আলোকে বারবার ভাষার খেদমতে তিনি অগ্রগামী ব্যক্তিদের একজন হিসেবে পরিচিতি পান। আরবি লিপিতে বারবার বা আমাজিগ ভাষায় পবিত্র কুরআনের অর্থ অনুবাদ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইলমি কাজ হিসেবে বিবেচিত হয়।
এই অনুবাদের মাধ্যমে তিনি আরবি ও বারবার ভাষার মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করেন। এ অবদানের কারণে তিনি “দুই ভাষার সেতুবন্ধনকারী” হিসেবেও পরিচিতি লাভ করেন।
তার অনুবাদ মদিনার কিং ফাহদ কমপ্লেক্স ফর দ্য প্রিন্টিং অব দ্য হলি কুরআনের অনুমোদনও লাভ করে। এতে বারবার ভাষাভাষী মানুষের কাছে কুরআনের অর্থ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তার কাজ বিশেষ গুরুত্ব পায়।
শেখ মুহান্দ তাইয়্যেবের ইন্তেকালে মুসলিম উম্মাহ, আলজেরিয়ার জনগণ, তার পরিবার, ছাত্র ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বিশ্ব মুসলিম স্কলার্স ইউনিয়ন।
সংগঠনটি বলেছে, শেখ সিদি আল-হাজ মুহান্দ তাইয়্যেব জ্ঞান, পরিচয় ও আল্লাহর কিতাবের খেদমতকে একসঙ্গে ধারণ করার এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কুরআনের খেদমত, শিক্ষা ও দাওয়াতি কাজে নিবেদিত ছিলেন।
বিশ্ব মুসলিম স্কলার্স ইউনিয়ন আল্লাহর কাছে তার জন্য রহমত, মাগফিরাত ও জান্নাত কামনা করেছে। একই সঙ্গে তার ইলম, শিক্ষা ও দাওয়াতি অবদানকে নেক আমলের পাল্লায় কবুল করার দোয়া করেছে।











