spot_img
spot_img

শহীদ জিয়ার শাহাদতবার্ষিকীতে নাচ-গান, বিএনপির দুই নেতা বহিষ্কার

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীর দিনে দলীয় কর্মসূচি পালন না করে নাচ-গানসহ আনন্দ উৎসবে অংশ নেওয়ায় জয়পুরহাটের আক্কেলপুরে বিএনপির দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৩১ মে) জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধানের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এর আগে নাচানাচির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বহিষ্কৃতরা হলেন আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহবুব আলম মিঠু ও সাধারণ সম্পাদক মাহবুব আলম মেম্বার।

জেলা বিএনপি জানিয়েছে, গত শনিবার (৩০ মে) ছিল বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী। দেশব্যাপী দিনটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালন করা হলেও সোনামুখী ইউনিয়নের এই দুই শীর্ষ নেতা দলের কোনো কর্মসূচি পালন করেননি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শোকের এই দিনে দলীয় কর্মসূচি বর্জন করে তারা উল্টো জেলা বিএনপির শীর্ষ নেতা ও স্থানীয় সাবেক সংসদ সদস্যের নাম ব্যবহার করে অশ্লীল নাচ-গানসহ আনন্দ উৎসবে মেতে ওঠেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “শোকাবহ দিনে এ ধরনের অসাংগঠনিক ও অশ্লীল কর্মকাণ্ড দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফলে দলীয় শৃঙ্খলা রক্ষা ও ক্ষতিকর প্রভাব এড়াতে ৩০ মের ওই নিন্দনীয় ঘটনার প্রেক্ষিতে তাদের দুজনকে সোনামুখী ইউনিয়ন বিএনপির পদসহ দল থেকে বহিষ্কার করা হলো।”

জয়পুরহাট জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বহিষ্কারের এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে অশ্লীল নাচ-গানের বিষয়ে জানতে বহিষ্কৃত নেতা মো. মাহবুব আলম মিঠু ও মাহবুব আলম মেম্বারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা মুঠোফোন রিসিভ করেননি। ফলে তাদের বক্তব্য জানা যায়নি।

জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান বলেন, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে আগামীতেও যেকোনো অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ