অধিকৃত পশ্চিম তীরের হেবরনে সাত মাস বয়সি এক ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি সেনারা। নিহত শিশুর নাম স্যাম ফাহদ আবু হাইকাল। গুলিতে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় তার বাবা-মাও আহত হয়েছেন।
শুক্রবার (৫ জুন) একটি গাড়িতে দখলদার সেনারা গুলি চালানোর পর এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পরিবার ও ইসরাইলি কর্তৃপক্ষ।
শিশুটির পরিবার জানায়, টেল রুমেইদা এলাকায় ইসরাইলি সেনারা তাদের গাড়ি থামাতে নির্দেশ দিলে তারা গাড়ি থামান। শিশুটির বাবা ফাহদ আবু হাইকাল বলেন, তিনি গাড়ি সম্পূর্ণ থামিয়ে হাত স্টিয়ারিংয়ে তুলেছিলেন, এরপরই সেনারা গুলি চালায়।
তিনি বলেন, গুলিটি প্রথমে তার হাতে লাগে, পরে পেছনের সিটে মায়ের কোলে থাকা তার শিশুটিকে আঘাত করে। সে সময় গাড়িতে মা ও ১১ বছর বয়সি আরেক সন্তানও ছিল।
ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ধারণা করেছিল গাড়িটি তাদের দিকে এগিয়ে আসছিল, তাই গুলি চালানো হয়। তবে পরে তারা জানিয়েছে ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং বেসামরিকদের ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেছে।
প্রাথমিক সামরিক তদন্তে বলা হয়েছে, আহত ব্যক্তিরা কোনো সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন না।











