spot_img
spot_img

যুদ্ধবিরতির পরও লেবাননে প্রায় সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরাইল: নওয়াফ সালাম

আমেরিকা ঘোষিত যুদ্ধবিরতির পরও লেবাননে প্রায় সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরাইল বলে অভিযোগ করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম।

মন্ত্রিসভার বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ১৭ এপ্রিল থেকে ৭ জুন পর্যন্ত সময়ে ইসরাইল লেবাননে ৩ হাজার ৪৯১টি বিমান হামলা চালিয়েছে। একই সময়ে ৪০৭টি পরিকল্পিত ধ্বংস অভিযান এবং ছয়টি ‘রেজিং অপারেশন’ পরিচালনা করেছে দখলদার বাহিনী।

এসব অভিযানে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী কয়েকটি পুরো গ্রাম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

নওয়াফ সালাম বলেন, লেবানন যুদ্ধবিরতি বজায় রাখার চেষ্টা করছে। তবে ইরান-ইসরাইল সাম্প্রতিক উত্তেজনার কারণে নতুন করে বাস্তুচ্যুত মানুষের ঢল তৈরি হয়েছে, যা দেশটির জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে।

তিনি জানান, বৈরুত, সাইদা ও দেশের অন্যান্য অঞ্চলে বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দেওয়ার সক্ষমতা প্রায় সীমায় পৌঁছে গেছে। ফলে নতুন করে আশ্রয়প্রার্থীদের সামাল দেওয়া ক্রমেই কঠিন হয়ে পড়ছে।

গত ২ মার্চ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলের হামলা ও জোরপূর্বক সরিয়ে নেওয়ার হুমকির কারণে এখন পর্যন্ত ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানানো হয়েছে। যা লেবাননের মোট জনসংখ্যার প্রায় পাঁচ ভাগের এক ভাগ।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ