পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইহুদিবদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি দখলদারদের হামলা রেকর্ড মাত্রায় বেড়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, এসব হামলায় হতাহত ও সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে। গড়ে প্রতিদিন ছয়টি করে হামলার ঘটনা ঘটছে, যা নথিভুক্ত যেকোনো বছরের চেয়ে বেশি।
বৃহস্পতিবার (১১ জুন) মানবিক বিষয় সমন্বয় কার্যালয়, ওসিএইচএর তথ্য তুলে ধরে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
দুজারিক বলেন, “পশ্চিম তীরে চলতি বছর হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি ঘটানো বসতি স্থাপনকারীদের হামলার সংখ্যা এখন ১ হাজার ছাড়িয়েছে।”
তিনি বলেন, “পশ্চিম তীরের সব অংশজুড়ে ২৩০টির বেশি জনপদ এসব হামলার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।”
তিনি আরও বলেন, “বসতি স্থাপনকারীদের সহিংসতা বা চলাচলসংক্রান্ত অন্যান্য বিধিনিষেধের কারণে চলতি বছর ২ হাজার ২০০ জনের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এর পাশাপাশি ইসরাইলি কর্তৃপক্ষের বাড়িঘর ধ্বংস অভিযানের কারণে আরও শত শত মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।”
জাতিসংঘের এই মুখপাত্র বলেন, “শুধু গত সপ্তাহেই বসতি স্থাপনকারীদের হামলায় ৩০ জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। একই সঙ্গে সম্পদ, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং জীবিকার উৎসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।”
তিনি আরও বলেন, “হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি ঘটানো বসতি স্থাপনকারীদের হামলার বর্তমান গতি, গড়ে প্রতিদিন ছয়টি ঘটনা, নথিভুক্ত যেকোনো বছরের চেয়ে বেশি।”
ফিলিস্তিনি কর্তৃপক্ষ বহু দশক ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে আসছে, যাতে দখলকৃত পশ্চিম তীরে বসতি নির্মাণ বন্ধে ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করা হয়। জাতিসংঘ আন্তর্জাতিক আইনের অধীনে এসব বসতিকে অবৈধ বলে বিবেচনা করে।
২০২৩ সালের অক্টোবরে ইসরাইল গাজ্জায় যুদ্ধ শুরু করার পর থেকে পশ্চিম তীরকে সংযুক্ত করার লক্ষ্যে ইসরাইলি পদক্ষেপ আরও তীব্র হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে বাড়িঘর ধ্বংস, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং বসতি সম্প্রসারণ।
পিস নাউয়ের তথ্য অনুযায়ী, পশ্চিম তীরজুড়ে অবৈধ বসতিগুলোতে প্রায় ৫ লাখ অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারী বসবাস করে। আর দখলকৃত পূর্ব জেরুসালেমে ফিলিস্তিনি ভূমিতে নির্মিত বসতিগুলোতে আরও ২ লাখ ৫০ হাজার বসতি স্থাপনকারী বসবাস করে।
ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি বাহিনী ও দখলদাররা পূর্ব জেরুসালেমসহ পশ্চিম তীরে অন্তত ১ হাজার ১৬৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এ ছাড়া ১২ হাজার ৬০০ জনের বেশি মানুষকে আহত এবং প্রায় ২৩ হাজার জনকে আটক করা হয়েছে।
গত জুলাইয়ে দেওয়া এক ঐতিহাসিক মতামতে আন্তর্জাতিক বিচার আদালত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করে। একই সঙ্গে পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেমের সব বসতি খালি করার আহ্বান জানায় আদালত।
সূত্র: মিডল ইস্ট মনিটোর











