spot_img
spot_img

গাজ্জায় আরও ১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে কানাডা

গাজ্জা উপত্যকা ও পশ্চিম তীরের ফিলিস্তিনিদের জন্য অতিরিক্ত ১০ কোটি ডলারের মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা।

শুক্রবার (১২ জুন) ‘দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য প্যারিস আহ্বান’ শীর্ষক সম্মেলনে কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ এ ঘোষণা দেন। ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের ভবিষ্যৎ দুই রাষ্ট্রভিত্তিক সমাধান অর্জনের পথে থাকা চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনার জন্য নেতারা এ সম্মেলনে জড়ো হন।

কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা জানিয়েছে, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, রেডক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন এবং মাঠপর্যায়ে সহায়তা দেওয়া বেসরকারি সংস্থাগুলোর মাধ্যমে এ অর্থ পৌঁছে দেওয়া হবে।

গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার এক বিবৃতি অনুযায়ী, নতুন এ সহায়তা যুক্ত হওয়ায় ফিলিস্তিনিদের জন্য কানাডার মোট সহায়তার পরিমাণ ৫০ কোটি ডলার ছাড়িয়েছে।

বিবৃতিতে বলা হয়, গাজ্জার বিরুদ্ধে ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধ এবং পশ্চিম তীরের অবনতিশীল পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত বেসামরিক নাগরিকদের জরুরি চিকিৎসাসেবা, খাদ্য, পুষ্টি, পানি, স্যানিটেশন, আশ্রয় ও সুরক্ষাসেবা নিশ্চিত করতে এ সহায়তার অর্থ ব্যবহার করা হবে।

দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রচেষ্টায় সহায়তার জন্য ব্রিটেন, অস্ট্রেলিয়া ও কানাডা একটি নতুন আন্তর্জাতিক শান্তি তহবিল গঠনের ঘোষণা দেওয়ার এক দিন পর কানাডার এ ঘোষণা এলো।

ব্রিটেন, অস্ট্রেলিয়া ও কানাডা প্রত্যেকে তিন বছরে এ তহবিলে প্রাথমিক মূলধন হিসেবে ১০ লাখ পাউন্ড বা ১৩ লাখ ডলার দেবে। অন্যান্য আন্তর্জাতিক অংশীদারেরাও এ তহবিলে অর্থ দিতে পারবে।

সূত্র: আনাদোলু

spot_img
spot_img
spot_img

সর্বশেষ