পাকিস্তান সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে অক্ষম বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান।
তিনি বলেন, সরকার দেশ পরিচালনা না করলেই বরং ভালো হতো।
বৃহস্পতিবার (১৮ জুন) খাইবার পাখতুনখাওয়া প্রদেশের চারসাদ্দা এলাকায় আয়োজিত এক বিশাল জনসমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে পাকিস্তান সরকারের নিরাপত্তা ও অর্থনৈতিক ব্যবস্থাপনার তীব্র সমালোচনা করে মাওলানা ফজলুর রহমান বলেন, সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে অক্ষম।
দেশের আর্থিক নীতির সমালোচনা করে তিনি বলেন, পাকিস্তানের বাজেট কার্যত আন্তর্জাতিক মুদ্রা তহবিলই নির্ধারণ করছে। নাগরিকদের ওপর কর বাড়ানোর জন্য আইএমএফ ইসলামাবাদের ওপর চাপ সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি।
এর বিপরীতে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে সরকারের ব্যর্থতার কথাও তুলে ধরেন মাওলানা ফজলুর রহমান।
দেশে মূল্যস্ফীতি বৃদ্ধি এবং বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে জনঅসন্তোষ বাড়তে থাকার মধ্যে এই আলেম এসব মন্তব্য করেন। তার সমালোচনা সরকারের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে ক্রমবর্ধমান বিরোধিতার প্রতিফলন। বিশেষ করে আইএমএফ-সমর্থিত সংস্কারের আওতায় জনগণের ওপর চাপিয়ে দেওয়া করের বোঝা নিয়ে বিরোধিতা বাড়ছে।
সূত্র: আরিয়ানা নিউজ











