ঘোষিত যুদ্ধবিরতির তোয়াক্কা না করে লেবাননে ইসরাইলের অব্যাহত বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছেন হিজবুল্লাহর সংসদ সদস্য হাসান ফাদলাল্লাহ।
এক বিবৃতিতে তিনি স্পষ্ট করে বলেন, ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার এবং যেকোনো হামলার যোগ্য জবাব দেওয়ার পূর্ণ অধিকার হিজবুল্লাহর রয়েছে।
শনিবার (২০ জুন) এক আনুষ্ঠানিক বিবৃতিতে হাসান ফাদলাল্লাহ এসব কথা বলেন।
তিনি বলেন, চারিদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। তবে আমাদের প্রধান বিবেচ্য বিষয় হলো, শত্রুপক্ষ যেন এই যুদ্ধবিরতিকে সম্পূর্ণ এবং ব্যাপকভাবে সম্মান জানায়। তারা যেন আমাদের দেশ ও গ্রামগুলোতে নতুন করে কোনো হামলা চালানোর চেষ্টা না করে এবং কোনো নতুন অবস্থান দখলের ধৃষ্টতা না দেখায়।
হাসান ফাদলাল্লাহ আরও বলেন, ইসরাইল এখানে স্পষ্টতই আক্রমণকারী এবং দখলদার শক্তি। ফলে তারা যখনই লেবাননের ওপর আঘাত হানবে, তখনই এই শত্রুর মুখোমুখি দাঁড়ানো এবং নিজেদের ভূখণ্ড রক্ষা করার সম্পূর্ণ আইনগত ও নৈতিক অধিকার এই প্রতিরোধ যোদ্ধাদের রয়েছে।
লেবাননের রাজনৈতিক ও সামরিক পর্যবেক্ষকেরা মনে করছেন, যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের মাত্র ২৪ ঘণ্টার মাথায় ইসরাইলের এই আগ্রাসী মনোভাব সীমান্ত অঞ্চলের পরিস্থিতিকে আবারও চরম উত্তেজনার দিকে ঠেলে দিতে পারে।
সূত্র: আল-জাজিরা।











