spot_img
spot_img

কিছু দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকবে কিন্তু ইরানের থাকবে না, এটা হতে পারে না: শাহবাজ শরিফ

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আমেরিকার সঙ্গে কোনও আলোচনা হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

তিনি বলেন, আমেরিকা-ইরান সমঝোতা স্মারকে ক্ষেপণাস্ত্র কর্মসূচির কোনও উল্লেখ নেই এবং বিষয়টি কখনোই আলোচনার টেবিলেও ছিল না। এমনকি কিছু দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকবে কিন্তু ইরানের থাকবে না, এটা হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২৩ জুন) ইসলামাবাদ সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শাহবাজ শরিফ বলেন, আমি পূর্ণ দায়িত্ব নিয়েই বলতে পারি, এই সমঝোতা স্মারকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিষয়ে কোনও কথাই উল্লেখ নেই। এটি কখনোই আলোচনার টেবিলে ছিল না, আলোচ্যসূচিতেও ছিল না। এমনকি ইরানও এ বিষয়ে আলোচনা করতে চায়নি।

তিনি আরও বলেন, ‘এটি কোনও ধারণা বা অনুমান নয়, বরং বাস্তব সত্য।’

গত সপ্তাহে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইলেকট্রনিকভাবে ওই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এর লক্ষ্য ছিল আমেরিকা, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধের অবসান এবং লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করা।

শাহবাজ শরিফ বলেন, আন্তর্জাতিক বিষয়ে দ্বিচারিতা বা ভণ্ডামি করা উচিত নয়। এটা হতে পারে না যে কিছু দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকবে, কিন্তু ইরানের থাকবে না। এ ধরনের দ্বিমুখী অবস্থান মেনে নেয়া যায় না।

পাকিস্তানের প্রধানমন্ত্রী অভিযোগ করেন, কিছু পক্ষ এই শান্তি চুক্তি ভণ্ডুল করার চেষ্টা করছে। তারা চায় না যে মহান ইরানি জাতি যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে এসে আবারও উন্নতি ও মর্যাদার শিখরে পৌঁছাক।

শাহবাজ বলেন, এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা অব্যাহত রাখবে পাকিস্তান। সম্মান ও মর্যাদার ভিত্তিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাব।

এদিকে ইরানের সঙ্গে আমেরিকা-ইসরাইল যুদ্ধে ‘হাজারো মূল্যবান প্রাণ’ হারানোর ঘটনায় সমবেদনা জানান শাহবাজ শরিফ। তিনি ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতেও শোক প্রকাশ করেন এবং পাকিস্তানের জনগণের পক্ষ থেকে ইরানের জনগণের প্রতি পূর্ণ সংহতি জানান।

তিনি যুদ্ধ বন্ধে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন দেয়ার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে ধন্যবাদ জানান।

একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, যারা এই যুদ্ধবিরতিতে সন্তুষ্ট নয়, তারা নাশকতার চেষ্টা করতে পারে। কঠিন সময়ে পাকিস্তান ও ইরান সব সময় একে অপরের পাশে থেকেছে। ভবিষ্যতেও দুই দেশ বাণিজ্য, অর্থনীতি, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করবে।

তিনি জানান, আগামী সপ্তাহে তিনি তেহরান সফর করবেন। পাশাপাশি মরহুম আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে পাকিস্তানের একটি প্রতিনিধি দল পাঠানো হবে বলেও ঘোষণা দেন তিনি।

সূত্র: আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ