spot_img
spot_img

সমঝোতা স্মারক আমেরিকার পরাজয়ের ঘোষণা: গালিবাফ

ইসলামাবাদ সমঝোতা স্মারক আমেরিকার পরাজয়ের ঘোষণা বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মুহাম্মাদ বাঘের গালিবাফ।

তিনি বলেন, ইসলামাবাদ সমঝোতা কোনো চাপ বা জবরদস্তির ফল নয়; বরং এটি সাহসী ইরানি জাতির প্রতিরোধ ও শক্তির ফল। এ কারণেই ইসলামাবাদ সমঝোতা স্মারক আমেরিকার পরাজয়ের ঘোষণায় পরিণত হয়েছে।

বুধবার (২৪ জুন) ইরানি টেলিভিশনে সম্প্রচারিত আজারবাইজানের এক সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

গালিবাফ বলেন, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও নিরাপত্তা ব্যবস্থা শুধুমাত্র আঞ্চলিক দেশগুলোর দ্বারাই নির্ধারিত হওয়া উচিত। তিনি বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

প্রসঙ্গত, গত সপ্তাহে পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক (এমওইউ) দুই পক্ষের মধ্যে যুদ্ধ আনুষ্ঠানিকভাবে বন্ধ করে এবং চূড়ান্ত চুক্তির লক্ষ্যে ৬০ দিনের আলোচনার প্রক্রিয়া শুরু করে।

এর আগে চলতি সপ্তাহে জেনেভায় অনুষ্ঠিত আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মধ্যস্থতাকারীরা জানান, উভয় পক্ষ একটি চূড়ান্ত চুক্তির কাঠামো নিয়ে একমত হয়েছে। ভ্যান্স দাবি করেন, ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের দেশে ফেরার অনুমতি দিতে সম্মত হয়েছে, যা তিনি একটি বড় মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘেই বলেন, সুইজারল্যান্ডে আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে ইরানের কোনো বৈঠক হয়নি এবং ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে পরিদর্শনেরও কোনো পরিকল্পনা নেই।

এদিকে পাকিস্তান জানিয়েছে, তাদের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কারিগরি পর্যায়ের আলোচনা আগামী সপ্তাহে পুনরায় শুরু হতে পারে।

খবর আল-জাজিরার

spot_img
spot_img
spot_img

সর্বশেষ