ইরানের পার্লামেন্টের স্পিকার মুহাম্মাদ বাঘের গালিবাফ বলেছেন, বর্তমান পরিস্থিতিতে মুসলিম দেশগুলোর মধ্যে মেলবন্ধন বজায় রাখা এখন অপরিহার্য প্রয়োজন।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও যুদ্ধ পরিস্থিতির জন্য সরাসরি ইসরাইল দায়ী। একই সঙ্গে চলমান যুদ্ধের ফলে ওই অঞ্চলে ওয়াশিংটনের দীর্ঘদিনের একক আধিপত্য বা ‘হেজেমনি’ ভেঙে পড়েছে বলেও দাবি করেছেন তিনি।
বুধবার (২৪ জুন) তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে বৈঠকের পর তিনি এসব কথা বরেন।
গালিবাফ বলেন, বর্তমান বাস্তবতায় মুসলিম দেশগুলোর মধ্যে পারস্পরিক মেলবন্ধন ও ‘ঐক্য’ বজায় রাখা এখন কোনো সাধারণ পছন্দ নয়, বরং এটি একটি অপরিহার্য প্রয়োজনীয়তায় পরিণত হয়েছে।
ইরানি এই শীর্ষ কর্মকর্তা আঞ্চলিক শক্তিগুলোর আত্মনির্ভরশীলতার ওপর জোর দিয়ে বলেন, পশ্চিমা শক্তির ওপর ভরসা না করে এই অঞ্চলের দেশগুলোকে এখন নিজেদের সক্ষমতার ওপর ভিত্তি করে একটি নতুন আঞ্চলিক ব্যবস্থা বা নিরাপত্তা বলয় গড়ে তুলতে হবে। চলমান সংঘাতের পর তৈরি হওয়া নতুন বৈশ্বিক পরিস্থিতিতে মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ অবস্থানই মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সূত্র: আল-জাজিরা।











