আমেরিকা ও দখলদার ইসরাইলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছে ইরান।
বুধবার (২৪ জুন) সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পক্ষ থেকে এই আমন্ত্রণ জানানো হয়েছে। দিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাস ভারতীয় কর্তৃপক্ষের কাছে আমন্ত্রণ পৌঁছে দিয়েছে।
তবে ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে উপস্থিত থাকবেন, নাকি কোনো প্রতিনিধিদল পাঠানো হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরাইলের যৌথ বিমান হামলায় নিহত হন খামেনি।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আগামী ৪ জুলাই রাজধানী তেহরানে প্রথম জানাজা এবং তিন দিনব্যাপী রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হবে।
৪ ও ৫ জুলাই তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে খামেনির মরদেহ রাখা হবে, যাতে জনসাধারণ শ্রদ্ধা জানাতে পারে।
৬ জুলাই একটি রাষ্ট্রীয় শোক শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠান চলাকালে তেহরান প্রদেশে সরকারি ছুটি পালিত হবে।
সূত্র: এনডিটিভি











