ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার ইসরাইলি হুমকিকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যায়িত করেছে তেহরান।
জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি এ বিষয়ে বিশ্ব সংস্থার কাছে একটি আনুষ্ঠানিক প্রতিবাদলিপি জমা দিয়েছেন।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে ইরাভানি এই প্রতিবাদ জানান।
তিনি বলেন, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজের এই হুমকি ইরানি সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে চালানো ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের একটি সুপরিকল্পিত ও পদ্ধতিগত নীতির অংশ।
ইরানের রাষ্ট্রদূত এই হুমকিকে দেশটির বিরুদ্ধে ইসরাইলি শাসনের ধারাবাহিক অবৈধ আগ্রাসনের সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করেন।
চিঠিতে তিনি বলেন, আমেরিকার অংশগ্রহণ, সমন্বয় এবং সমর্থনে ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি এবং অন্যান্য শীর্ষ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের যে হত্যা করা হয়েছে, এই হুমকি তারই অংশ।
ইরাভানি ক্ষোভ প্রকাশ করে বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইসরাইলকে জবাবদিহিহীনভাবে বা শাস্তি না দিয়ে পার পেয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে।
একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, যেকোনো ধরনের বৈরী বা শত্রুতামূলক আচরণের জবাব দেবে তেহরান।
ইরাভানি আরও বলেন, দুর্ভাগ্যবশত, জাতিসংঘের সনদ অনুযায়ী নিরাপত্তা পরিষদ তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা ইসরাইলকে দায়মুক্তির পরিবেশ তৈরিতে সাহায্য করেছে। এর ফলে ইসরাইলি শাসন রাষ্ট্রীয় সন্ত্রাসবাদকে স্বাভাবিক নিয়মে পরিণত করতে আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে। এটি অত্যন্ত বিপজ্জনক একটি নজির স্থাপন করছে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
সূত্র: আল জাজিরা











