spot_img
spot_img

খামেনির মৃত্যু মুসলিম বিশ্বের স্বাধীনতাকামী মানুষের মধ্যে গভীর শোক সৃষ্টি করেছে: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু শুধু ইরানের জনগণ নয়, মুসলিম বিশ্বের স্বাধীনতাকামী মানুষের মধ্যেও গভীর শোক সৃষ্টি করেছে।

তিনি বলেন, খামেনির জানাজা ও দাফনে মানুষের ব্যাপক অংশগ্রহণ সন্ত্রাস, সহিংসতা ও শক্তি প্রদর্শনের রাজনীতির বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা হবে। একই সঙ্গে এটি দেখিয়ে দেবে, ইরানের জনগণ দেশের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ।

বৃহস্পতিবার (২ জুলাই) জাতির উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।

পেজেশকিয়ান বলেন, বিশাল জনসমাগম বিশ্বকে জানিয়ে দেবে যে ইরানের জনগণ কোনো চাপ বা হুমকিতে ভীত নয়। কোনো ঘটনাই এই জাতির দৃঢ় মনোবল ভাঙতে পারবে না। আমরা একটি সমৃদ্ধ, স্বাধীন, শক্তিশালী ও গর্বিত ইরান গড়ে তুলব।

তিনি বলেন, ইরানের জনগণ এই ঐতিহাসিক বিদায় অনুষ্ঠানে অংশ নিয়ে আবারও প্রমাণ করবে যে তারা নেতার আদর্শ ও পথের প্রতি অনুগত।

তিনি আরও বলেন, আমার বিশ্বাস, শোকাহত হলেও আশা ও দৃঢ় সংকল্প নিয়ে ইরানের জনগণ দেখিয়ে দেবে, যে পতাকার জন্য এই মহান নেতা সারা জীবন সংগ্রাম করেছেন, সেই পতাকা কখনো মাটিতে পড়বে না।

প্রেসিডেন্ট বলেন, খামেনির মৃত্যু শুধু ইরানের জনগণ নয়, মুসলিম বিশ্ব এবং বিশ্বের স্বাধীনতাকামী মানুষের মধ্যেও গভীর শোকের সৃষ্টি করেছে। তবে এই ঘটনায় এটাও প্রমাণ হয়েছে যে ইরানের ইসলামি রাষ্ট্রব্যবস্থা জনগণের বিশ্বাস, আদর্শ ও দৃঢ় ইচ্ছাশক্তির ওপর দাঁড়িয়ে আছে।

পেজেশকিয়ান বলেন, ‘এই শাহাদাত কোনো পথের শেষ নয়; বরং এটি জাতীয় ঐক্য, দৃঢ়তা ও অগ্রগতির একটি নতুন অধ্যায়ের শুরু। ইরানের জনগণ অতীতেও কঠিন পরীক্ষার পর আরো শক্তিশালী ও ঐক্যবদ্ধ হয়ে উঠেছে, এবারও তাই হবে।’

তিনি বলেন, কঠিন সময়ে দেশের স্বাধীনতা রক্ষা, ধর্মভিত্তিক গণতন্ত্র এবং প্রতিরোধনীতিকে এগিয়ে নিতে খামেনির ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল।

তার মতে, খামেনির নাম, চিন্তাধারা ও অবদান ইরানের ইতিহাস এবং বিশ্বের স্বাধীনচেতা মানুষের স্মৃতিতে চিরকাল বেঁচে থাকবে।

তিনি আরো বলেন, ‘আজ ইরানের নিরাপত্তা, স্থিতিশীলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার মূল শক্তি হলো জাতীয় ঐক্য, জনগণের সচেতন অংশগ্রহণ এবং বড় শক্তিগুলোর অতিরিক্ত চাপ ও দাবির বিরুদ্ধে প্রতিরোধ।’

সবশেষে তিনি জাতি, ধর্ম বা রাজনৈতিক মতভেদ ভুলে সব ইরানিকে জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানান, যাতে বিশ্ব আবারও ইরানের জাতীয় ঐক্য দেখতে পায়।

সূত্র: প্রেস টিভি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ