পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।
শুক্রবার (৩ জুলাই) বেলুচিস্তানের শেরানি জেলা থেকে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে প্রবেশের পরপরই দুর্ঘটনাটি ঘটে।
বেলুচিস্তান প্রদেশ সরকারের মুখ্যমন্ত্রীর গণমাধ্যম ও রাজনীতিবিষয়ক সহকারী শাহিদ রিন্দ এক বিবৃতিতে বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় অন্তত ৪০ জন নিহত ও আটজন আহত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়, মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির নির্দেশে দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়।
বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া, দুই প্রদেশের জেলা প্রশাসন, উদ্ধারকর্মী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথভাবে উদ্ধারকাজে অংশ নিচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তও করা হবে বলে জানানো হয়েছে।
শেরানির ডেপুটি কমিশনার ওয়ালি খান কাকার বলেন, বাসটি কোয়েটা থেকে ৩৬ জন যাত্রী নিয়ে রওনা হয়েছিল।
তবে পথে বিকল হয়ে যাওয়া আরেকটি বাসের কয়েকজন যাত্রী এতে ওঠেন। ফলে বাসটিতে মোট কতজন ছিলেন, তা নিয়ে শুরুতে কিছুটা বিভ্রান্তি দেখা দেয়।
অন্যদিকে খাইবার পাখতুনখাওয়া ‘রেসকিউ ১১২২’-এর এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৪৮ জন যাত্রী ছিলেন।
দুর্ঘটনার খবর পেয়ে ঝোব জরুরি সেবা বিভাগ ও রেসকিউ ১১২২-এর দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
আহত আটজনকে ঝোব জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মরদেহগুলো প্রথমে কাছের একটি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলেও পরে সেগুলো ঝোব জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। উদ্ধার অভিযান এখনও চলমান বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।
তিনি নিহত ব্যক্তিদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
একই সঙ্গে আহত ব্যক্তিদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতিও নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
তিনি বলেন, উদ্ধারকাজ জোরদার করা, আহত ব্যক্তিদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
সরফরাজ বুগতি আরও বলেন, এই কঠিন সময়ে বেলুচিস্তান সরকার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে।











