দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করতে সিরিয়া সফরে যেতে পারেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
রোববার (৫ জুলাই) সিরিয়ার প্রেসিডেন্সির গণমাধ্যম দপ্তর এ তথ্য জানিয়েছে।
সানাকে দেওয়া এক বিবৃতিতে দপ্তরটি জানায়, ম্যাক্রোঁর সঙ্গে বিনিয়োগকারী ও ফরাসি কোম্পানির প্রতিনিধিদের একটি প্রতিনিধিদল থাকবে। রাজনৈতিক সম্পৃক্ততার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের প্রচেষ্টার অংশ হিসেবেই এ সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিবৃতি অনুযায়ী, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ নিজ নিজ প্রতিনিধিদল নিয়ে একটি গোলটেবিল বৈঠক করবেন।
বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। পাশাপাশি দুই দেশের চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে বিভিন্ন খাতে সহযোগিতা আরও গভীর করার সুযোগ নিয়েও কথা হবে।
এর আগে গত বছর ম্যাক্রোঁর আমন্ত্রণে ফ্রান্স সফর করেন প্রেসিডেন্ট আহমদ আল-শারা। ওই সফরে দুই নেতা এলিসি প্রাসাদে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন।
সে সময় উভয় পক্ষ সিরিয়ার সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন, পুনরুদ্ধার ও পুনর্গঠন প্রচেষ্টায় সমর্থন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের গুরুত্ব পুনর্ব্যক্ত করে।
আসন্ন এই সফর সিরিয়া ও ফ্রান্সের মধ্যে চলমান রাজনৈতিক পরামর্শের ধারাবাহিকতার প্রতিফলন। এর লক্ষ্য দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে সমন্বয় বাড়ানো।
সূত্র: সানা নিউজ











