জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় মাদরাসাছাত্রী (১৩) ধর্ষণ মামলায় আলম মন্ডল (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে জয়পুরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আবদুর রহমান এ রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশের কড়া পাহারায় কারাগারে পাঠানো হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলম মন্ডল জেলার আক্কেলপুর উপজেলার পালশা গ্রামের বাসিন্দা।
মামলা ও আদালত সূত্রে জানা যায়, ১৩ বছর বয়সী ওই শিশু স্থানীয় একটি মাদরাসায় সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত ছিল। ২০২৩ সালের ৯ অক্টোবর দুপুরে নিজ বাড়িতে সে ধর্ষণের শিকার হয়। ওইদিন দুপুর ২টার দিকে মাদরাসা থেকে ফিরে ওই শিশু বাড়িতে পোশাক পরিবর্তন করছিল। সে সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী আলম মন্ডল তাকে ধর্ষণ করেন। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামি পালিয়ে যায়। পরে মেয়েটির পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ১১ অক্টোবর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে আক্কেলপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।










