শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও বুধবারের (১৫ জুলাই) এইচএসসি পরীক্ষা স্থগিত করাসহ পাঁচ দফা দাবিতে নরসিংদী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নরসিংদী জেলা শহরের বিভিন্ন কলেজের প্রায় শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে এ স্মারকলিপি জমা দেন।
জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করেন।
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, ১৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা, পরবর্তী সব এইচএসসি পরীক্ষায় শিক্ষা বোর্ডের নির্ধারিত মান অনুযায়ী প্রশ্নপত্র প্রণয়ন ও পরীক্ষা গ্রহণ নিশ্চিত করা এবং ১৩ জুলাই ২০২৬ প্রাকৃতিক দুর্যোগের কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেনি অথবা পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ চায়, তাদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা।
এ ছাড়া শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবমাননাকর মন্তব্যের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং ওই মন্তব্যের ব্যাখ্যা দিতে হবে। একই সঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
শিক্ষার্থীরা জানান, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও আন্দোলনের কারণে অধিকাংশ পরীক্ষার্থী মানসিকভাবে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রস্তুত ছিল না। জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবিগুলো তুলে ধরে দ্রুত বাস্তবায়নে তার হস্তক্ষেপ কামনা করেন তারা।
এর আগে নরসিংদী জেলা শহরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে মিছিলসহ জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন।










