spot_img

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার অবশিষ্ট সব বিষয় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সার্বিক অবস্থা, পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক পরিস্থিতি, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের কারণে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের যাতায়াতে অসুবিধাসহ সার্বিক বিষয় বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন এলাকায় বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত এইচএসসি, আলিম, এইচএসসি বিএমটি, এইচএসসি ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা ২০২৬-এর অবশিষ্ট বিষয়গুলোর পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

স্থগিত পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অন্যান্য শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম বোর্ডভুক্ত জেলার বাইরের অন্যান্য জেলার পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ