বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার শুরু থেকেই প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (১৭ জুলাই) সকালে চট্টগ্রামের পতেঙ্গায় মাইঝপাড়া মাহমুদুন নবী চৌধুরী স্কুলের সামনে ও হাদীপাড়ায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, এখন পর্যন্ত দুর্গত মানুষের কাছে শুকনো খাবার, ডাল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ৪০ হাজার মানুষের জন্য রান্না করা খাবারের ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।
তিনি জানান, ত্রাণ বিতরণের এ কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তা চলমান থাকবে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ত্রাণ বিতরণের পরপরই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। বিশেষ করে কৃষকদের প্রয়োজনীয় সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণের মাধ্যমে পুনর্বাসন কার্যক্রম শুরু করা হবে।
বন্যার পর সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি ও রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ওষুধসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবার পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। কোনো সংক্রমণ বা রোগ দেখা দিলে দ্রুততার সঙ্গে তা নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হবে।
অর্থমন্ত্রী বলেন, পুনর্বাসন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা ও কার্যক্রম অব্যাহত থাকবে।
পতেঙ্গায় ত্রাণ বিতরণ কর্মসূচি শেষে বন্যার্তদের সহায়তায় চন্দনাইশ-দোহাজারী ও সাতকানিয়ার দুর্গত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণের উদ্দেশ্যে রওনা হন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।










