একজন শিক্ষক আমাকে ‘পরীক্ষা মিলন’ নাম দিয়েছেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। একই সঙ্গে তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা ট্রল ও সমালোচনার জবাব দিয়েছেন তিনি।
শনিবার (১৮ জুলাই) নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন শেষে সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, কিছু লোক সুন্দর সুন্দর পোস্ট দেন। একজন শিক্ষক, যার নামের আগে ডক্টর আছে, তিনি আমাকে ‘পরীক্ষা মিলন’ নাম দিয়েছেন। মন্ত্রী মিলন নয়, আমার নাম এখন পরীক্ষা মিলন। ডক্টর সাহেব, আপনি যে পিএইচডি করেছেন, তা কি বিনা পরীক্ষায় করেছেন?
পরীক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, আজকের উন্নত বিশ্বে নতুন পদ্ধতিতে লেখাপড়া করা হয়, প্রজেক্ট সিস্টেমে করা হয়। কিন্তু পরীক্ষা ছাড়া কি তা হয়? কী বলতে চাচ্ছেন? শিক্ষার মান উন্নয়ন করতেই হবে, কিন্তু পরীক্ষা ব্যতিরেকে? পরীক্ষা ছাড়া কি সার্টিফিকেট হয়?
তিনি বলেন, আমি আজকাল দেখতে পাচ্ছি, অনেক গুণীজন এমন সব বিভ্রান্তিকর মন্তব্য করেন। মাঝেমধ্যে ভাবতে ইচ্ছে হয়, বাংলাদেশে এত বেশি পিএইচডি হয়েছে, সেই পিএইচডিগুলো আমাদের খতিয়ে দেখতে হবে।
এ সময় একটি গল্পের মাধ্যমে পিএইচডি ডিগ্রি নিয়ে কটাক্ষ করেন তিনি।
তিনি আরও বলেন, এক ব্যক্তি একটি সাইনবোর্ড দেখে জানতে পারেন, সেখানে ১০ ডলারের বিনিময়ে পিএইচডি ডিগ্রি পাওয়া যায়। পরে তিনি টাকা দিয়ে নিজের নামে একটি পিএইচডি সনদ নেন।
এরপর ওই ব্যক্তি ভাবলেন, ঘোড়ার কারণেই তিনি সেখানে যেতে পেরেছেন। তাই ঘোড়াটিরও একটি পিএইচডি ডিগ্রি পাওয়া উচিত। কিন্তু সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তাকে জানায়, তারা ঘোড়াকে নয়, গাধাকে পিএইচডি দেয়।
শিক্ষামন্ত্রী বলেন, এভাবে কেউ ব্যক্তিচেতনা ও চিন্তাভাবনা বাদ দিয়ে উচ্ছৃঙ্খল কথা বলে সমাজকে উসকানি দিতে চাইলে আমাদের তরুণ প্রজন্ম তাকে ব্যর্থ করে দেবে।
সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা একটি ন্যারেটিভকে নেতিবাচকভাবে নিয়ে নিল। জাতি যদি এভাবে অর্ধকানা হয়ে যায়, তাহলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না।
তিনি আরও বলেন, যারা আমাকে নিয়ে ট্রল করছে, তাদের কেউই ছাত্র নয়। এভাবে ছাত্রদের বিভ্রান্ত করে আন্দোলনের নামে অযথা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে কোনো লাভ নেই।
তিনি বলেন, আমরা এই জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব নিয়ে এসেছি। যে যতই ট্রল করুক না কেন, আমাদের সঠিক দায়িত্ব থেকে আপনারা আমাদের বিচ্যুত করতে পারবেন না।










