সরকারি প্রতিষ্ঠান ও সংবাদমাধ্যমের মধ্যে সমন্বয় বাড়াতে নতুন একটি উদ্যোগ চালু করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। একই সঙ্গে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, বাদাখশান প্রদেশের সাম্প্রতিক নিরাপত্তাজনিত ঘটনাগুলো অতিরঞ্জিত করে উপস্থাপন করা হয়েছে।
সরকারি গণমাধ্যম ও তথ্যকেন্দ্রে (জিএমআইসি) ‘সংবাদমাধ্যমের আয়নায় সরকার’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।
তিনি বলেন, বাদাখশানে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র বিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের ঘটনাকে অতিরঞ্জিত করে তুলে ধরা হয়েছে। তবে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, বিশ্বের অনেক দেশেই নিরাপত্তাজনিত ঘটনা ঘটে। তাই এসব ঘটনাকে অস্বাভাবিক হিসেবে দেখা উচিত নয়।
তিনি আরও বলেন, যেকোনো ধরনের সশস্ত্র তৎপরতার জবাব দিতে আফগান নিরাপত্তা বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ। দেশের বর্তমান ব্যবস্থার প্রতিও জনগণের সমর্থন রয়েছে।
সরকারি প্রতিষ্ঠান ও সংবাদমাধ্যমের মধ্যে সহযোগিতা জোরদার, সরকারি কার্যক্রম প্রচার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন মূল্যায়নের লক্ষ্যে নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী শের আহমদ হাক্কানি জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছানো নিশ্চিত করতে সরকার ও সংবাদমাধ্যমের মধ্যে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
বাদাখশানের সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, সংঘর্ষ নিয়ে প্রচারিত অনেক প্রতিবেদন গুজবের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এসব প্রতিবেদনে সেখানকার প্রকৃত পরিস্থিতি সঠিকভাবে তুলে ধরা হয়নি।
উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়া অন্য কর্মকর্তারা সংবাদমাধ্যমকে সরকার ও জনগণের মধ্যে গুরুত্বপূর্ণ সেতু হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তারা সংবাদমাধ্যমগুলোকে সহযোগিতা করার বিষয়ে ইমারাতে ইসলামিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এমন সময়ে উদ্যোগটি চালু করা হলো, যখন সাংবাদিক ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা সরকারি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আরও বেশি সরকারি তথ্য যথাসময়ে পাওয়ার দাবি জানিয়ে আসছেন।
সূত্র : আরিয়ানা নিউজ










