spot_img

হঠাৎ কেন ইসরাইল ছাড়ছে ইহুদিরা?

চলমান রাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক সংকট এবং দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে রেকর্ডসংখ্যক ইসরাইলি (ইহুদি) দেশ ছেড়েছেন।

দেশ ত্যাগের এই ধারা অব্যাহত এখনো রয়েছে। এমনটাই উঠে এসেছে তেলআবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি নতুন প্রতিবেদনে। খবর টাইমস অব ইসরাইলের।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে প্রায় দুই লাখ ৬৯ হাজার ইসরাইলি দেশ ত্যাগ করেছেন।

২০২৩ সাল থেকে শুরু হওয়া এই প্রবণতা ২০২৪ সালে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ইসরাইলের প্রভাবশালী দৈনিক ইয়েদিওথ আহরোনোথ তেলআবিব বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, তেলআবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পরিচালিত সমীক্ষায় দেখা গেছে, ২০২৩ সালে অন্তত তিন মাস বা তার বেশি সময়ের জন্য ৮৬ হাজার ৫০৯ জন ইসরাইল ত্যাগ করেন।

২০২৪ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯১ হাজার ৪৯৯ জনে এবং ২০২৫ সালে দেশ ছাড়েন আরও ৯০ হাজার ৯২২ জন।

গবেষণায় বলা হয়েছে, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে মোট প্রায় দুই লাখ ৬৯ হাজার জন দীর্ঘ সময়ের জন্য ইসরাইল ছেড়েছেন। অর্থাৎ, বছরে গড়ে প্রায় ৯০ হাজার ইসরাইলি দেশ ত্যাগ করেছেন।

অথচ ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত এই গড় ছিল বছরে প্রায় ৬০ হাজার। ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে এর সংখ্যা ছিল প্রায় এক লাখ ৮৩ হাজার ২১৯ জন, যা সাম্প্রতিক তিন বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

ইয়েদিওথ আহরোনোথ তাদের আগের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে চিকিৎসক, পিএইচডিধারী, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং উচ্চ আয়ের অন্যান্য পেশাজীবীদের ইসরাইল ত্যাগও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

এ গবেষণা প্রকাশিত হয়েছে এমন এক সময়ে, যখন ২০২৩ সালের অক্টোবর থেকে গাজ্জায় চলমান ইসরাইলি আগ্রাসনের পাশাপাশি লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরানেও দখলদার ইসরাইলের আগ্রাসন অব্যাহত রয়েছে।

ইসরাইলি বাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজ্জা আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৯৬৬ ইসরাইলি সেনা নিহত হয়েছেন। তবে বিশ্লেষকরা বলছেন, এই সংখ্যা আরও কয়েক গুণ বেশি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ