আফগানিস্তানের তালেবান সরকারের সাতটি প্রতিষ্ঠানের গত ১৪৪৭ হিজরি সালের অর্জনের তথ্য প্রকাশ করা হয়েছে। রোববার (৯ আগস্ট) ‘গণমাধ্যমের আয়নায় সরকার’ শীর্ষক অনুষ্ঠানে সরকারের গণমাধ্যম কেন্দ্রে এসব তথ্য তুলে ধরেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ।
প্রতিষ্ঠানগুলো হলো যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়, অর্থনীতি মন্ত্রণালয়, জাতীয় পরিসংখ্যান ও তথ্য কর্তৃপক্ষ, পাসপোর্ট অধিদপ্তর, কাবুল সিটি করপোরেশন এবং রাষ্ট্রীয় ডাক সংস্থা আফগান পোস্ট।
মাওলানা মুজাহিদ জানান, গত বছর দেশের প্রত্যন্ত ও যোগাযোগসেবা থেকে বঞ্চিত এলাকায় ৩৫০টি টেলিযোগাযোগ অ্যান্টেনা চালু করেছে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। আরও ১৫০টি অ্যান্টেনা চালুর কাজ চলছে।
একই সময়ে টেলিযোগাযোগ অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণের লক্ষ্যে দেশের বিভিন্ন এলাকায় ৮৫১ কিলোমিটার ফাইবার অপটিক নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে।
এ ছাড়া গত বছর দেশের টেলিযোগাযোগ খাতের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১ লাখ ৮৪ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
অর্থনীতি মন্ত্রণালয় ১৪৪৭ হিজরি সালে বেসরকারি সংস্থাগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণের লক্ষ্যে ৮৪টি দেশীয় ও দুটি বিদেশি সংস্থাকে কার্যক্রম পরিচালনার লাইসেন্স দিয়েছে।
শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় একই সময়ে দেশীয় ও বিদেশি নাগরিকদের ৬২ হাজার ৭৩৯টি কাজের অনুমতিপত্র দিয়েছে। পাশাপাশি শ্রমবাজারের চাহিদার ভিত্তিতে মন্ত্রণালয় ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ৪৫ হাজার ৩৫৫ জনকে কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
পাসপোর্ট অধিদপ্তর গত বছর আবেদনকারীদের ৬ লাখ ৫০ হাজার ৮৬০টি সাধারণ, ৩ হাজার ৩৪৫টি ব্যবসায়িক এবং ৫১২টি শিক্ষাসংক্রান্ত পাসপোর্ট দিয়েছে।
একই সময়ে ১৬ হাজার ৭১৭ বিদেশি নাগরিকের ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে।
জাতীয় পরিসংখ্যান ও তথ্য কর্তৃপক্ষ ১৪৪৭ হিজরি সালে প্রায় ২০ লাখ ইলেকট্রনিক এবং প্রায় ১০ লাখ কাগুজে পরিচয়পত্র বিতরণ করেছে। পাশাপাশি কাগুজে পরিচয়পত্র সংশোধনের ক্ষেত্রে ১ লাখ ৩৯ হাজার মানুষকে সরাসরি এবং প্রায় ২ লাখ ১৪ হাজার মানুষকে অনলাইনে সেবা দেওয়া হয়েছে।
কাবুল সিটি করপোরেশন গত বছর বিভিন্ন শ্রেণির ১৩ হাজার ৯৭০টি ব্যবসাপ্রতিষ্ঠানকে কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে। একই সময়ে ৫ লাখ ৩১ হাজার ৫৮০টি চারা ও শোভাবর্ধক ফুল রোপণ করা হয়েছে।
এ ছাড়া কাবুল শহর থেকে ৬ লাখ ২২ হাজার ১১১ টন কঠিন বর্জ্য সংগ্রহ করে গজক এলাকায় স্থানান্তর করা হয়েছে। পাশাপাশি ২৭ হাজার ৩০৫ মিটার খাল এবং সড়কের পাশের ৪ লাখ ২৫ হাজার ৬৮০ মিটার নালা পরিষ্কার করা হয়েছে।
রাষ্ট্রীয় ডাক সংস্থা আফগান পোস্ট গত বছর দেশের অভ্যন্তরে ৫০ লাখ ২৮ হাজারের বেশি ডাকসামগ্রী পৌঁছে দিয়েছে। একই সময়ে বিদেশে ৫ হাজার ৮৫৩টি পার্সেল পাঠানোর ব্যবস্থা করেছে সংস্থাটি।
সূত্র : বাখতার ও টোলো নিউজ










