পাকিস্তানের বিভিন্ন কারাগার থেকে মুক্তি পাওয়ার পর চলতি সপ্তাহে ৮৭৫ জন আফগান অভিবাসী নিজ দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) আফগানিস্তানের শরণার্থী ও প্রত্যাবাসনবিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, মুক্তি পাওয়া ব্যক্তিরা বিভিন্ন শ্রেণির। তাদের মধ্যে শিশুও রয়েছে। বিভিন্ন কারণে তারা ভিন্ন ভিন্ন সময় ধরে পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন।
মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মুক্তি পাওয়া অভিবাসীদের মধ্যে ৮১০ জন আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের তোরখাম সীমান্তপথ দিয়ে দেশে ফিরেছেন। অন্যদিকে আরও ৬৫ জন দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক সীমান্তপথ দিয়ে আফগানিস্তানে প্রবেশ করেছেন।
পাকিস্তান থেকে আফগানদের স্বদেশে ফেরার ধারাবাহিকতার মধ্যেই এবার দেশে ফিরলেন এসব অভিবাসী। পাকিস্তানি সরকারের জোরপূর্বক বাস্তুচ্যুতির মুখে অনেক আফগান দেশটি ছাড়তে বাধ্য হচ্ছেন।
এদিকে দেশে ফেরা আফগানদের পরিস্থিতি পর্যবেক্ষণ, তাদের অভ্যর্থনার ব্যবস্থা এবং নিজ নিজ এলাকায় ফিরিয়ে দিতে আফগানিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।
সূত্র: হুরিয়াত রেডিও










