বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা ও অধ্যাপক আসিফ নজরুল।
তিনি বলেন, ‘বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিনন্দন, ফখরুল ভাই। বহু বছর পর আমরা পেতে যাচ্ছি রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে।’
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বার্তায় তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি পদে এর আগে দায়িত্ব পালন করা ব্যক্তিদের সমালোচনা করে আসিফ নজরুল লিখেছেন, ‘দুই যুগ ধরে বাংলাদেশের এই সর্বোচ্চ সাংবিধানিক পদ দখল করেছিলেন অনুপযুক্ত ব্যক্তিরা। তাদের কেউ ছিলেন অকর্মণ্য, কেউ অথর্ব, কেউ চরম অনৈতিক। বহু বছর পর আমরা পেতে যাচ্ছি এই পদের জন্য সবদিক দিয়ে যোগ্য একজন ব্যক্তিকে।’
তিনি আরও লিখেছেন, ‘শেখ হাসিনার দুঃশাসনকালে মির্জা ফখরুল মহাসচিব হিসেবে দলের হাল ধরেছেন, বহুভাবে নির্যাতিত হয়েছেন এবং অনেক ত্যাগ স্বীকার করেছেন। রাজনীতিবিদদের মধ্যে তিনি ব্যক্তিত্ববান, মডারেট, সদাচারী ও সুবক্তা হিসেবে অগ্রগণ্য।’
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে আসিফ নজরুল লিখেছেন, ‘ধন্যবাদ বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে। স্পিকার পদের পর রাষ্ট্রপতি পদেও তিনি উপযুক্ত মানুষকে আসীন করার সিদ্ধান্ত নিয়েছেন।’










