মাত্র ১৪ বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন বুরুন্ডির পেনত্রা বুশিমা আমিন। এরপর মাত্র পাঁচ মাসে সম্পূর্ণ পবিত্র কুরআন হিফজ করেন তিনি। বর্তমানে সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তেলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় বুরুন্ডির প্রতিনিধিত্ব করছেন এই তরুণ হাফেজ।
ইন্টারন্যাশনাল কুরআন নিউজ এজেন্সির এক প্রতিবেদনে তার ইসলাম গ্রহণ ও কুরআন হিফজের এই অনুপ্রেরণামূলক যাত্রার কথা তুলে ধরা হয়েছে।
পেনত্রার ইসলাম গ্রহণের গল্পের শুরু মাত্র ১৪ বছর বয়সে। সে সময় তার এক মুসলিম বন্ধু তাকে ইসলাম সম্পর্কে জানার আমন্ত্রণ জানান এবং ইসলামের মূল্যবোধ, নৈতিকতা ও গুণাবলির সঙ্গে পরিচয় করিয়ে দেন।
ইসলামের শিক্ষা তাকে গভীরভাবে নাড়া দেয়। একপর্যায়ে তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। পরিবারের সদস্যদের উপস্থিতিতেই ইসলাম গ্রহণ করেন পেনত্রা। পরে তার বাবা-মা ও বোনসহ পরিবারের আরও চার সদস্য ইসলাম গ্রহণ করেন।
ইসলাম গ্রহণের পর পবিত্র কুরআন শেখার যাত্রা শুরু করতে দেরি করেননি তিনি। দৃঢ় সংকল্প ও আন্তরিক আগ্রহ নিয়ে কুরআন হিফজ শুরু করেন। মাত্র পাঁচ মাসের মধ্যেই সম্পূর্ণ কুরআন হিফজ করতে সক্ষম হন পেনত্রা।
এরপরও থেমে থাকেননি তিনি। নিয়মিত অনুশীলনের মাধ্যমে পবিত্র কুরআন তেলাওয়াতেও দক্ষতা অর্জন করেন।
তবে কুরআন হিফজই তার জীবনের সাফল্যের শেষ ছিল না; বরং এটি হয়ে ওঠে নতুন এক অধ্যায়ের সূচনা। পরবর্তীতে বুরুন্ডিতে অনুষ্ঠিত একটি স্থানীয় কুরআন প্রতিযোগিতায় অংশ নেন তিনি। প্রায় ৫০০ প্রতিযোগীর ওই আয়োজনে প্রথম স্থান অর্জন করেন পেনত্রা।
এই সাফল্যের পর সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তেলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য বুরুন্ডির প্রতিনিধি হিসেবে তাকে নির্বাচিত করা হয়।
বর্তমানে পেনত্রা পবিত্র মসজিদুল হারামে বুরুন্ডির প্রতিনিধিত্ব করছেন। তিনি সৌদি আরবের ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তেলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
এবারের প্রতিযোগিতায় ১৩৩টি দেশের মোট ৩৩৪ জন পুরুষ ও নারী প্রতিযোগী অংশ নিয়েছেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা কুরআনের হাফেজদের সঙ্গে পেনত্রাও সেখানে নিজের প্রতিভা তুলে ধরছেন।
সূত্র: ইন্টারন্যাশনাল কুরআন নিউজ এজেন্সি










