spot_img

আফগান বিরোধী নেতাদের আমন্ত্রণ জানিয়ে ঠিক করেনি ইরান : আমীর খান মুত্তাকি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার অনুষ্ঠানে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের বিরোধী নেতাদের আমন্ত্রণ জানানোর সমালোচনা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমীর খান মুত্তাকি। তিনি বলেছেন, এ কাজ করে ইরান ঠিক করেনি। বিষয়টি নিয়ে তেহরানের কাছে আনুষ্ঠানিকভাবে আপত্তিও জানিয়েছে ইমারাতে ইসলামিয়া।

শুক্রবার ১৪ আগস্ট আফগানিস্তানের আরিয়ানা নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আফগানিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতি, বৈদেশিক সম্পর্ক, বিরোধীদের সঙ্গে সংলাপ ও মেয়েদের শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার অনুষ্ঠানে ইরানের আমন্ত্রণে অংশ নেওয়া ইমারাতে ইসলামিয়াবিরোধী আফগান নেতাদের মধ্যে ছিলেন ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের নেতা আহমদ মাসউদ এবং আফগানিস্তানের ইসলামিক ইউনিটি পার্টির নেতা মুহাম্মাদ মুহাক্কিক। একই অনুষ্ঠানে ইমারাতে ইসলামিয়ার প্রতিনিধিদলও অংশ নেয়।

এ বিষয়ে আমীর খান মুত্তাকি বলেন, তেহরান ‘ঠিক কাজ করেনি’। ইমারাতে ইসলামিয়া আনুষ্ঠানিকভাবে ইরানি কর্তৃপক্ষের কাছে এ সিদ্ধান্তের বিষয়ে আপত্তিও জানিয়েছে।

সাক্ষাৎকারে বিরোধী পক্ষগুলোর সঙ্গে ভবিষ্যৎ সংলাপের সম্ভাবনা নিয়েও কথা বলেন আফগান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইমারাতে ইসলামিয়া এখন আর বিরোধীদের সঙ্গে সংলাপ বা আলোচনার কোনো প্রয়োজন দেখছে না। তার ভাষ্য, আফগানিস্তানের সংঘাত ও রাজনৈতিক সংকটের অবসান হয়েছে।

বর্তমান সরকারের প্রতি আফগান জনগণের ব্যাপক সমর্থন রয়েছে বলেও দাবি করেন মুত্তাকি। তিনি বলেন, আফগানরা বর্তমান সরকারের প্রতি সন্তুষ্ট এবং ইমারাতে ইসলামিয়া দেশজুড়ে ব্যাপক সমর্থন পাচ্ছে।

আফগানিস্তানের বৈদেশিক সম্পর্কের বর্তমান অবস্থাও তুলে ধরেন তিনি। মুত্তাকি বলেন, বিশ্বের অনেক দেশের সঙ্গে আফগানিস্তানের ইতিবাচক সম্পর্ক রয়েছে। বর্তমানে দেশটিতে ৪০টির বেশি দূতাবাস ও কনস্যুলেট কার্যক্রম পরিচালনা করছে।

সরকারের কাঠামো প্রসঙ্গে ইমারাতে ইসলামিয়াকে অন্তর্ভুক্তিমূলক হিসেবে বর্ণনা করেন আফগান পররাষ্ট্রমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, কিছু সরকারি প্রতিষ্ঠানে নারীরা এখনো কাজ করছেন।

মেয়েদের শিক্ষা নিয়েও কথা বলেন মুত্তাকি। তিনি জানান, ষষ্ঠ শ্রেণির পর মেয়েদের সহ-শিক্ষা ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ স্থগিত রয়েছে। তবে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের শিক্ষা গ্রহণ অব্যাহত রয়েছে।

২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর থেকে ইমারাতে ইসলামিয়া দেশটির প্রশাসন পরিচালনা করছে। এর মধ্যে বিরোধী আফগান রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে ভবিষ্যৎ সংলাপের প্রশ্নও বিভিন্ন সময়ে সামনে এসেছে। তবে এবারের সাক্ষাৎকারে মুত্তাকি স্পষ্ট করেছেন, দেশের সংঘাত ও রাজনৈতিক সংকট শেষ হয়েছে বলে মনে করে ইমারাতে ইসলামিয়া এবং এ কারণে বিরোধীদের সঙ্গে নতুন আলোচনার প্রয়োজনও দেখছে না।

একই সঙ্গে ইমারাতে ইসলামিয়ার বিরোধী নেতাদের তেহরানে আমন্ত্রণ জানানোর ঘটনায় প্রকাশ্যে অসন্তোষ জানিয়ে ইরানের কাছে আনুষ্ঠানিক আপত্তির বিষয়টিও সামনে আনলেন আফগান পররাষ্ট্রমন্ত্রী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ