প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য বর্তমানে অনুকূল পরিবেশ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম।
রোববার বেলা ১১টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
শহীদুল করিম বলেন, বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি দ্বিপাক্ষিক ভারত সফরের সম্ভাবনা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে পরস্পরের সঙ্গে যোগাযোগ করছেন।
তবে গত ৫ আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য মতবিনিময়ের কারণে এ প্রক্রিয়া বিঘ্নিত হয়েছে বলে জানান তিনি। শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক দোষী সাব্যস্ত হয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমরা এ বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার করেছি। আমরা মনে করি, এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘এই লক্ষ্যে আমরা ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ করেছি শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের প্রত্যর্পণে দ্রুত ব্যবস্থা নিতে।’










