গত পাঁচ বছরে আফগান সরকার বিভিন্ন খাতে সাফল্য অর্জন করলেও অর্থনীতি ও শিক্ষাসহ কয়েকটি ক্ষেত্রে এখনো চ্যালেঞ্জ রয়ে গেছে বলে জানিয়েছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।
তিনি বলেন, নিষেধাজ্ঞা ও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে সরকার এখনো কাঙ্ক্ষিত অর্থনৈতিক লক্ষ্য অর্জন করতে পারেনি। কিছু ক্ষেত্রে এখনো ঘাটতি রয়েছে।
শনিবার (১৫ আগস্ট) তোলো নিউজের ‘ফারাখাবার’ অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
মাওলানা মুজাহিদ বলেন, “কিছু সিদ্ধান্ত ও ক্ষেত্রে এখনো ঘাটতি রয়ে গেছে, আবার কিছু জায়গায় আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারিনি। এর মধ্যে প্রথমেই রয়েছে অর্থনৈতিক বিষয়। নিষেধাজ্ঞা ও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আমরা যে পর্যায়ে পৌঁছাতে চেয়েছিলাম, সেখানে এখনো পৌঁছাতে পারিনি। শিক্ষা খাতেও কিছু সমস্যা রয়েছে। পাশাপাশি আমাদের কিছু সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পরিস্থিতিও এখনো তৈরি হয়নি।”
কাবুল ও ইসলামাবাদের মধ্যকার উত্তেজনা প্রসঙ্গে তিনি বলেন, আফগানিস্তানের ভেতরে কোনো অভ্যন্তরীণ শক্তির সম্পৃক্ততা ছাড়া পাকিস্তানের পক্ষে দেশটিতে কোনো যুদ্ধ বা বড় ধরনের পরিস্থিতি তৈরি করা সম্ভব নয়। যুদ্ধ পরিচালনা করার মতো শক্তিশালী অর্থনীতি পাকিস্তানের নেই। এমনকি তারা নিজেদের দেশেই নিরাপত্তা নিশ্চিত করতে পারে না।
তিনি আরও বলেন, অতীতে সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকার বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে উঠেছিল, তার প্রধান চালিকাশক্তি ছিল দখলদারিত্ব ও আগ্রাসনের বিরুদ্ধে আফগান জনগণের বিরোধিতা।
আফগানিস্তানে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা অর্জনের জন্য দেশটির নিজস্ব অর্থনীতির ওপর নির্ভর করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন জাবিহুল্লাহ মুজাহিদ। তিনি সতর্ক করে বলেন, বিদেশি দেশের ওপর নির্ভরশীলতা আফগানিস্তানের স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
তিনি বলেন, “আমাদের অবশ্যই নিজেদের অভ্যন্তরীণ অর্থনীতির ওপর নির্ভর করতে হবে। আমরা যদি একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ আফগানিস্তান চাই, তাহলে আমাদের নিজস্ব অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। আমাদের অন্যদের ওপর নির্ভর করা উচিত নয়। কারণ বিদেশি নির্ভরতা আমাদের স্বাধীনতার ক্ষতি করে এবং এর ফলে দেশ আবারও অভ্যন্তরীণ বিভাজনের দিকে চলে যেতে পারে।”
আগান মুখপাত্র আশা প্রকাশ করেন, আগামী পাঁচ বছরে আফগানিস্তানের বাইরে আর কোনো আফগান অভিবাসী থাকবে না। একই সঙ্গে অর্থনীতি ও কৃষিসহ বিভিন্ন খাতে আফগানিস্তান উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সূত্র: তোলো নিউজ










