spot_img

আফগানিস্তান-পাকিস্তানকে অভিন্ন ভবিষ্যৎ গড়তে হবে: মাওলানা ফজলুর রহমান

জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান বলেছেন, আফগানিস্তান ও পাকিস্তানের ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ক দুই দেশকে শক্তিশালী ও শান্তিপূর্ণ প্রতিবেশী হিসেবে একটি অভিন্ন ভবিষ্যৎ গড়ে তোলার দাবি রাখে।

সোমবার (১৭ আগস্ট) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আফগান দূতাবাস আয়োজিত ১৫ আগস্ট উপলক্ষের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাওলানা ফজলুর রহমান বলেন, আমি বিশ্বাস করি পাকিস্তান আফগানিস্তানকে সমর্থন করবে এবং আফগানিস্তানও পাকিস্তানকে সমর্থন করবে।

তিনি বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে দুই দেশ যৌথভাবে মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়াকে সংযুক্তকারী একটি সেতু হিসেবে ভূমিকা রাখতে পারে।

কাবুল ও ইসলামাবাদের মধ্যে বিদ্যমান চ্যালেঞ্জগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, উভয় পক্ষই এসব সমস্যার সমাধান চায়। সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও আলোচনার মাধ্যমে বিদ্যমান বাধাগুলো অতিক্রম করা সম্ভব।

পাক জমিয়ত সভাপতি বলেন, “আমরা চাই, আফগানিস্তান ও পাকিস্তান দুই প্রতিবেশী ও ভ্রাতৃপ্রতিম ইসলামি দেশ হিসেবে এক প্রাণ হয়ে বিশ্বের সামনে দাঁড়াক।”

ইসলামি দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, মুসলিম বিশ্বের উচিত বৈশ্বিক শক্তিগুলোর ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের সক্ষমতা ও সম্মিলিত শক্তির ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া।

সূত্র: তোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ