ক্ষমতা গ্রহণের পর গত ছয় মাসে বিএনপি সরকারের আটটি খাতে ব্যর্থতার কথা তুলে ধরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব ব্যর্থতার কথা তুলে ধরেন।
গোলাম পরওয়ার বলেন, সরকারের ব্যর্থতাগুলো হলো গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে দৃশ্যমান অনীহা, ভয়াবহ গ্যাস ও জ্বালানি সংকট মোকাবিলায় কার্যকর পরিকল্পনার অভাব, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের চাপ, ব্যাংকিং খাতে আস্থার সংকট, প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণ, গুম প্রতিরোধ আইনে উদ্বেগজনক ফাঁক এবং পররাষ্ট্রনীতিতে কৌশলগত দুর্বলতা।
তিনি বলেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগের বড় বড় আমলা ও সচিবরা এখন প্রমোশন পাচ্ছেন। বিভিন্ন জায়গায় নিয়োগ পাচ্ছেন। বর্তমান সরকারের প্রশ্রয়ে তারা সব জায়গায় আবার মাথা উঁচু করে দাঁড়াচ্ছেন। এতে বোঝা যাচ্ছে, একদলীয় শাসন এবং আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের ষড়যন্ত্র শুরু হয়েছে।”
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচনের আগে বিএনপি জুলাই সনদের ভিত্তিতে গণভোটের রায় বাস্তবায়নের কথা বললেও ক্ষমতায় এসে এ বিষয়ে নেতিবাচক অবস্থান নিয়েছে। নির্বাচিত সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালনের কথা থাকলেও সেই কাঠামো কার্যকর হয়নি।
তিনি বলেন, জুলাই সনদে থাকা প্রধানমন্ত্রী পদের মেয়াদ সীমিতকরণ, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার এবং শক্তিশালী স্থানীয় সরকারসহ গুরুত্বপূর্ণ সংস্কারগুলোও বাস্তবায়ন হয়নি।
গোলাম পরওয়ার আরও বলেন, প্রতিদিন গ্যাসের চাহিদার তুলনায় প্রায় ১০০ কোটি ঘনফুট ঘাটতি রয়েছে। এতে শিল্পকারখানায় উৎপাদন ৪০ শতাংশ পর্যন্ত কমেছে। প্রায় ২০টি কারখানা বন্ধ হয়েছে এবং ২০ হাজার শ্রমিক ছাঁটাই হয়েছেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, গত ছয় মাসে পরিস্থিতির অবনতি হয়েছে। সরকারের প্রথম ১১০ দিনে ৬০৫টি খুন হয়েছে। ডাকাতি, অপহরণ, চুরি, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ বেড়েছে।
তিনি আরও বলেন, একই সময়ে দেশজুড়ে ৬৯ থেকে ৮০টি মব সহিংসতায় ৩১ থেকে ৪২ জন নিহত হয়েছেন। রাজনৈতিক সংঘর্ষ, দখল, চাঁদাবাজি ও সহিংসতার ঘটনায় ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নাম আসছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, হামিদুর রহমান আযাদ, আব্দুল হালিম এবং নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি প্রমুখ।










