রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে পরিবর্তনের সুযোগ তৈরি হলেও তা যথাযথভাবে কাজে লাগানো যায়নি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব: রাজনীতিতে নারী ও তরুণ’ শীর্ষক গোলটেবিল সংলাপে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, অন্তর্বর্তী সরকার কয়েকজন তরুণকে ক্ষমতায়ন করলেও বৃহত্তর অংশকে বাইরে রেখেছে। জুলাই আন্দোলনে নারী ও তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও পরবর্তী সময়ে তাদের যথাযথ স্বীকৃতি ও রাজনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত হয়নি।
তিনি বলেন, তরুণরা ক্ষমতার অংশ না হয়ে শক্তিশালী চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে কাজ করলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।
একই সঙ্গে শিক্ষিত তরুণদের কর্মসংস্থান, প্রবাসী কর্মসংস্থানের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের বাইরে নতুন দেশ ও খাত অনুসন্ধান এবং জাপানসহ বিভিন্ন দেশে ঋণসহায়তা সম্প্রসারণে সরকারের উদ্যোগের কথা জানান তিনি।
নুরুল হক নুর আরও বলেন, নারীদের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য ও উগ্র রাজনৈতিক আচরণের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সাইবার আইন সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
সংলাপে রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, অধিকারকর্মী, আইনজীবী, বিভিন্ন ছাত্র সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। তারা রাজনীতিতে নারী ও তরুণদের অংশগ্রহণের ক্ষেত্রে বিদ্যমান বাধা এবং অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠায় করণীয় নিয়ে আলোচনা করেন।










