বিশ্বখ্যাত ব্রাজিলিয়ান ফুটবল তারকা রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন বলে দাবি করেছেন তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির সংসদ সদস্য আলী শাহিন। এ দাবির ভিত্তিতে খবর প্রকাশ করেছে তুরস্কের প্রভাবশালী সংবাদমাধ্যম ইয়েনি শাফাক।
মঙ্গলবার (১৮ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে ইয়েনি শাফাক জানায়, একসময় তুরস্কের ফেনেরবাচে ক্লাবে খেলা রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন। সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনের শিরোনামেও সরাসরি ‘রবার্তো কার্লোস মুসলিম হয়েছেন’ বলে উল্লেখ করেছে।
ইয়েনি শাফাকের প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের অন্যতম পরিচিত ব্যক্তি শাইখ জিহাদ হাম্মাদেহ জানিয়েছেন, রবার্তো কার্লোস ব্যক্তিগতভাবে তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার কাছে কালিমায়ে শাহাদাত পাঠ করেন।
রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেন একে পার্টির গাজিয়ানতেপের সংসদ সদস্য ও পারলাতিনোর সভাপতি আলী শাহিন। নিজের পোস্টে তিনি রবার্তো কার্লোস মুসলিম হয়েছেন বলে দাবি করেন এবং তার ইসলাম গ্রহণে অভিনন্দন জানান।
তবে রবার্তো কার্লোস নিজে বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্য কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র : ইয়েনি শাফাক, আলী শাহিনের এক্স পোস্ট










