ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর সামনে আসার পর তাকে ইসলামে স্বাগত জানিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শাইখ ড. ইয়াসির আদ দাওসারি।
বুধবার (১৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রবার্তো কার্লোসের ছবি প্রকাশ করে ইয়াসির আদ দাওসারি লেখেন, ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম।’
কার্লোসের জন্য দোয়া করে তিনি আরও লেখেন, ‘হে আল্লাহ, তাকে আপনার দ্বীনের ওপর অবিচল রাখুন, তার অন্তরকে হিদায়াত দিন, তার ইসলামে বরকত দিন এবং তাকে অবিচলতা ও হিদায়াতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন।’
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন বলে খবর প্রকাশ করে তুরস্কের প্রভাবশালী সংবাদমাধ্যম ইয়েনি শাফাক। সংবাদমাধ্যমটি ‘রবার্তো কার্লোস মুসলিম হয়েছেন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে জানায়, ব্রাজিলের মুসলিমদের অন্যতম পরিচিত ব্যক্তিত্ব শাইখ জিহাদ হাম্মাদেহ জানিয়েছেন, কার্লোস ব্যক্তিগতভাবে তার সঙ্গে সাক্ষাৎ করে কালিমায়ে শাহাদাত পাঠ করেছেন।
রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবরটি প্রথম প্রকাশ্যে সামনে আনেন তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির গাজিয়ানতেপের সংসদ সদস্য আলী শাহিন।
ব্রাজিল সফরের অভিজ্ঞতা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আলী শাহিন জানান, সাও পাওলোতে শাইখ জিহাদ হাম্মাদেহর সঙ্গে তার সাক্ষাৎ হয়। হাম্মাদেহ তাকে জানান, রবার্তো কার্লোস দীর্ঘদিন ধরে তার সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং প্রায় চার সপ্তাহ আগে তার কাছে এসে ইসলাম গ্রহণ করেন। আলী শাহিন এ ঘটনায় কার্লোসকে অভিনন্দন জানিয়ে তার ও তার পরিবারের জন্য শান্তি, সুস্বাস্থ্য ও বরকতময় জীবন কামনা করেন।
আলী শাহিনের এ ঘোষণার পর ইয়েনি শাফাকসহ তুরস্কের বিভিন্ন সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশিত হয়। এবার শাইখ ইয়াসির আদ দাওসারিও প্রকাশ্যে কার্লোসকে ইসলামে স্বাগত জানিয়ে তার জন্য দোয়া করলেন।










