spot_img

আগামীর বাংলাদেশ হবে ইসলামের: জামায়াত আমির

দেশের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা ইসলামের আদর্শে পরিচালিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, ‘আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলামের নীতি ও আদর্শের ভিত্তিতে ইনসাফ, ন্যায়বিচার ও বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম অব্যাহত থাকবে।’

রোববার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে জাতীয় সীরাত উদযাপন কমিটির আয়োজনে ‘রাষ্ট্র সংস্কারে রাসুল (সা.)-এর নীতি ও আদর্শ’ শীর্ষক সেমিনার ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ইসলাম শান্তি, ঐক্য ও সমন্বয়ের ধর্ম। কুরআনের শাসন যখন ও যেখানে প্রতিষ্ঠিত হয়েছে, সেখানেই মানুষ শান্তি ও শৃঙ্খলা পেয়েছে।

তিনি বলেন, ‘ফ্যাসিবাদ একটি সংক্রামক ব্যাধি। যার ভেতরে এটি প্রবেশ করে, সে-ই ফ্যাসিস্ট হয়ে ওঠে। ফ্যাসিবাদের পথে বাংলাদেশের মানুষ আর কাউকে চলতে দেবে না।’

জামায়াতের আমীর আরও বলেন, ২০২৪ সালে যারা জেগে উঠেছিল, তারা সবাই মরে যায়নি। অন্যায় ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের মানুষ বারবার গর্জে উঠবে। ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণ না হওয়া পর্যন্ত জনগণের অধিকার আদায়ের লড়াই চলবে।

জুলাই জাদুঘর প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, পতিত সরকারের নির্যাতন ও নিপীড়নের বাস্তব চিত্রের তুলনায় সেখানে অনেক কম তথ্য তুলে ধরা হয়েছে। বিশেষ একটি দেশকে খুশি করতে নির্যাতন ও জুলুমের অনেক তথ্য গায়েব করা হয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানের অনেক গুরুত্বপূর্ণ স্মৃতি ও উপাদানও সরিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্তে ফেলানী হত্যার পর কাঁটাতারে ঝুলে থাকা ছবি এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেনের ওপর রিমান্ডে চালানো নির্যাতনের ছবি জুলাই জাদুঘর থেকে গায়েব করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ