জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, তোমরা যারা মেধাবী, সাহসী ও স্বপ্নবান—তোমরাই আমাদের সঙ্গে থাকবে। তোমাদের মেধা, তারুণ্য ও উদ্যমকে কাজে লাগিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাব।
বুধবার (২৩ আগস্ট) রাজধানীর গেন্ডারিয়া সামাজিক সাংস্কৃতিক কেন্দ্রের অডিটোরিয়ামে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিবির সভাপতি বলেন, নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন তরুণদের দেখতে হবে। সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আগামী দুই বছর শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলেজে যাওয়ার পর এই সময় কোনোভাবেই নষ্ট না করে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে।
তিনি আরও বলেন, দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে নিজেদের পছন্দের বিষয়ে পড়তে চাইলে এখন থেকেই নিয়মিত পড়াশোনা, আত্মবিশ্বাস ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের যোগ্য করে তুলতে হবে। মানুষের চেষ্টা ও সাফল্যের মূল্য শুধু পৃথিবীতেই নয়, আখিরাতেও রয়েছে। আল্লাহ মানুষের পরিশ্রম, সততা ও নেক আমলের যথাযথ প্রতিদান দেবেন। তাই শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও যোগ্যতাকে মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাফেজ দেলাওয়ার হোসেন। শাখা সেক্রেটারি হাফেজ আনোয়ার হোসাইন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসাইন, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শামসুল আলম ও আলাউদ্দিন আবির প্রমুখ।










