spot_img

ইরানবিরোধী ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধ আমেরিকার জন্যই হিতে বিপরীত হবে: গালিবাফ

ইরানের পার্লামেন্টের স্পিকার মুহাম্মদ বাঘের গালিবাফ সতর্ক করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের অর্থনীতিকে বিচ্ছিন্ন করতে যে নতুন অভিযান শুরু করতে যাচ্ছেন, তা শেষ পর্যন্ত মার্কিন করদাতা ও ব্যবসায়ীদের জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

রোববার (২৩ আগস্ট) সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্পের পরিকল্পনার কঠোর সমালোচনা করেন গালিবাফ। একই সঙ্গে তিনি একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখানো হয়েছে, ইরানের ওপর অর্থনৈতিক চাপ এবং জ্বালানি বাজারে অস্থিরতা শেষ পর্যন্ত আমেরিকার অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আমেরিকায় পণ্যের দাম নিয়ন্ত্রণে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক উদ্যোগের প্রসঙ্গ টেনে গালিবাফ ব্যঙ্গ করে লেখেন, ‘মাংসের দাম কমাতে হিমায়িত মাংস আমদানি? ঠিক আছে, এটি হয়তো কাজ করতে পারে।’

তবে একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, দেশটির অন্যান্য অর্থনৈতিক সংকট মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা কী?

ট্রাম্পকে কটাক্ষ করে তিনি বলেন, ‘বন্ডের ক্ষেত্রে আপনার পরিকল্পনা কী? তাহলে কি ট্রাম্প প্রশাসন বন্ডের জন্য “হিমায়িত সুদের হার”, আবাসনের জন্য “হিমায়িত বাড়ির ক্রেতা” এবং মজুরির জন্য “হিমায়িত বেতন” আমদানি করবেন?’

গালিবাফ বলেন, ‘হিমায়িত পররাষ্ট্রনীতি একটি স্থবির অর্থনীতি তৈরি করে।’

মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক করে তিনি আরও বলেন, ‘এখন শুধু যে জিনিসটি চলমান, তা হলো ইরানের বুমেরাং, যা ঘুরে আপনার মুখেই আঘাত করতে আসছে।’

সম্প্রতি ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে ভয়াবহ’ অর্থনৈতিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে মিত্র দেশগুলোকে ইরানের অর্থনীতিকে বিচ্ছিন্ন করার নতুন এই অভিযানে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ট্রাম্পের এই উদ্যোগকে ইতোমধ্যে ‘মার্কিন অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যায়িত করে প্রত্যাখ্যান করেছে তেহরান।

সূত্র: মেহর নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ