দেশে সারের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে বিক্রির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
তিনি বলেন, দেশে সারের কোনো সংকট নেই। পাশাপাশি বিদেশ থেকেও সার আমদানি করা হচ্ছে। কেউ কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে সার বিক্রির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় ময়মনসিংহের নান্দাইলে সার ও বীজ মনিটরিং কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
ইয়াসের খান বলেন, ‘সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশে কেউ যদি সারের কৃত্রিম সংকট সৃষ্টি করেন এবং কোনো কৃষক অভিযোগ করেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ডিলারশিপও বাতিল করা হবে।’
তিনি বলেন, ‘সারের সংকট মোকাবেলায় ইতোমধ্যে কমিটি গঠন করা হয়েছে। ডিলারদের মাধ্যমে সার বিতরণ কার্যক্রম তদারকি করা হবে। প্রান্তিক পর্যায়ের কৃষকরা যাতে সঠিকভাবে সার পান, তা নিশ্চিত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘সার সংকট মোকাবেলায় নতুন করে ডিলার নিয়োগের বিষয়েও মন্ত্রিপরিষদের সভায় আলোচনা হয়েছে।’











