‘হাসপাতালে পৌঁছাতে পারলেই হয়তো বাঁচানো যেত’, স্বজনদের এমন আকুতি আর কান্নার মধ্যেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই মারা গেছেন আমিরুন্নেছা নামের এক নারী।
শনিবার (২৯ আগস্ট) ভোররাত সাড়ে ৩টার দিকে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ঢাকায় নেওয়ার পথে প্রায় চার ঘণ্টা যানজটে আটকে থাকার পর তাঁর মৃত্যু হয়।
স্বজন তারেক আল হাসান জানান, শুক্রবার হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর রাত ৮টার দিকে আমিরুন্নেছাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা হন তারা। রাত ১১টার দিকে দাউদকান্দিতে পৌঁছানোর পর তীব্র যানজটে অ্যাম্বুলেন্সটি আটকা পড়ে। এরপর দীর্ঘ চার ঘণ্টা গাড়িটি প্রায় স্থবির হয়ে থাকায় রাত সাড়ে ৩টার দিকে অ্যাম্বুলেন্সেই মারা যান আমিরুন্নেছা।
এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আশরিয়ারচর থেকে কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল ৮টায় আশরিয়ারচরে ঢাকামুখী লেনে সংস্কারকাজ শুরু হওয়ার পর এ যানজটের সৃষ্টি হয়। শনিবার সকাল ১১টা পর্যন্তও যানজট অব্যাহত ছিল।
নিহত আমিরুন্নেছা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ শামীম বলেন, আশরিয়ারচরে ঢাকামুখী লেনে সংস্কারকাজ শুরুর কারণে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট এখনো রয়েছে। যাত্রী ও চালকদের দুর্ভোগ কমাতে হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করছে।











