spot_img
spot_img

ওআইসির নতুন মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন মৌরিতানিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অভিজ্ঞ কূটনীতিক ইসমাইল উলদ শেখ আহমেদ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ২৩তম বিশেষ অধিবেশনে তাকে সংস্থাটির নতুন মহাসচিব নির্বাচিত করা হয়। পরদিন শুক্রবার বিদায়ী মহাসচিব চাদের হুসেইন ইব্রাহিম তাহার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর ইসমাইল উলদ শেখ আহমেদ বলেন, মুসলিম বিশ্বের প্রায় ২০০ কোটি মানুষের স্বার্থ ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে ওআইসিকে আরও কার্যকর ও প্রভাবশালী করে তোলার চেষ্টা করবেন তিনি।

ফিলিস্তিন ইস্যুকে ওআইসির সর্বোচ্চ অগ্রাধিকারে রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন নতুন মহাসচিব। রাজনৈতিক, মানবিক ও সভ্যতাগত সব দিক থেকেই ফিলিস্তিন ওআইসির কেন্দ্রীয় ইস্যু হিসেবে থাকবে বলে জানান তিনি।

ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার প্রতিষ্ঠা, পূর্ব জেরুসালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং জেরুসালেমের মর্যাদা ও পবিত্রতা রক্ষায় ওআইসির প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার করেন ইসমাইল উলদ শেখ আহমেদ।

একই সঙ্গে ইসলামবিদ্বেষ, মুসলমানদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য, অসহিষ্ণুতা ও বৈষম্য মোকাবিলায় ওআইসির কার্যক্রম আরও জোরদারের কথা জানান তিনি। এ ক্ষেত্রে সংলাপ, পারস্পরিক সম্মান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অংশীদারত্ব বাড়ানোর ওপর গুরুত্ব দেন নতুন মহাসচিব।

ইসমাইল উলদ শেখ আহমেদের প্রার্থিতা এর আগেই আফ্রিকার সমর্থন পেয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে আফ্রিকান ইউনিয়ন ওআইসির মহাসচিব পদে তার প্রার্থিতাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেয়।

ওআইসির সনদ অনুযায়ী, সংস্থাটির মহাসচিব পাঁচ বছরের জন্য নির্বাচিত হন। এ মেয়াদ একবার নবায়ন করা যায়। মহাসচিব নির্বাচনের ক্ষেত্রে ভৌগোলিক ভারসাম্য, পালাক্রমে দায়িত্ব প্রদান ও সমান সুযোগের পাশাপাশি প্রার্থীর যোগ্যতা, সততা ও অভিজ্ঞতা বিবেচনায় নেওয়া হয়।

৬৫ বছর বয়সী ইসমাইল উলদ শেখ আহমেদের আন্তর্জাতিক কূটনীতি ও জাতিসংঘে কাজের অভিজ্ঞতা তিন দশকের বেশি।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি। এর আগে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ইয়েমেনে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে লিবিয়ায় জাতিসংঘ মহাসচিবের উপ-বিশেষ প্রতিনিধি ও জাতিসংঘ মিশনের উপপ্রধান ছিলেন ইসমাইল উলদ শেখ আহমেদ। ইয়েমেন ও সিরিয়ায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী, মানবিক সমন্বয়কারী এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির আবাসিক প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতা নিয়ে বিশ্বের ৫৭টি মুসলিম দেশের সমন্বয়ে গঠিত ওআইসির নেতৃত্বে এলেন ইসমাইল উলদ শেখ আহমেদ।

সূত্র : আনাদোলু ও ওআইসি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ