spot_img

আ. লীগ জাতীয় পার্টিকে চায় না; পার্টিও আ. লীগকে চায় না: জিএম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, জাতীয় পার্টির নিজস্ব রাজনীতি আছে, নিজস্ব স্বকীয়তা নিয়েই রাজনীতির মাঠে এগিয়ে যাবে। জাতীয় পার্টি কখনোই পরগাছা হয়ে রাজনীতি করবে না। জাতীয় পার্টি কোনো জোটেই নেই। বর্তমানে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে চায় না, জাতীয় পার্টিও আওয়ামী লীগকে চায় না। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সাথেও আমাদের কোনো যোগাযোগ নেই। আওয়ামী লীগ ও বিএনপি দেশকে জুলুমখানায় পরিণত করেছে। আমরা দেশের মানুষকে সকল জুলুম নির্যাতন থেকে মুক্তি দেব।

শনিবার (১৩ মার্চ) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, দেশের মানুষ আর আওয়ামী লীগ ও বিএনপিকে চায় না। কারণ, তারা মুদ্রার এপিঠ-ওপিঠ। দেশের মানুষ দিশেহারা, তারা এই দুটি দলের হাত থেকে মুক্তি চায়। আওয়ামী লীগ ও বিএনপি দেশে দুঃশাসন সৃষ্টি করেছে, আমরা দেশের মানুষের জন্য প্রকৃত গণতন্ত্র উপহার দেব।

তিনি বলেন, ১৯৯১ সালের পর সংবিধান সংশোধন করে সাংবিধানিকভাবেই একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। রাষ্ট্রের প্রধান তিনটি স্তম্ভের মধ্যে সরকার প্রধানের হাতে নির্বাহী বিভাগ ও আইন সভা আর রাষ্ট্রপতির মাধ্যমে বিচার বিভাগের নিরানব্বই ভাগই সরকার প্রধানের হাতে। তাই সরকার প্রধান যা চান, তাই হচ্ছে – এটাকে গণতন্ত্র বলা চলে না। দুর্নীতি ও দলীয় করণের মাধ্যমে একনায়কতন্ত্র এখন স্বৈরতন্ত্রের পর্যায়ে।

তিনি আরো বলেন, জাতীয় পার্টি দলীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি নির্বাচনে যাবে। চ্যালেঞ্জ ছাড়া কোনো নির্বাচনেই কাউকে ছেড়ে দেওয়া হবে না। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়ে দলের সর্বোচ্চ ফোরাম প্রেসিডিয়াম সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ