অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসাবে পরিচিত লাভ করেছে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে এক ওয়েবিনারে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসাবে পরিচিত লাভ করেছে। অপ্রত্যাশিত অভিঘাত কোভিড-১৯-এর মধ্যেও আমাদের এ অর্জন, সক্ষমতা ও অগ্রগতি সম্পর্কে সারা বিশ্বের মানুষ, আন্তর্জাতিক সংস্থা, স্বনামধন্য অর্থনীতিবিদগন ভূয়সী প্রসংসা করেছেন। সকলে বলেছেন এ এক অন্যরকম বাংলাদেশ, এ এক বদলে যাওয়া বাংলাদেশ।
অর্থমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু একজন মহান নেতা যিনি অদম্য সাহসিকতার সাথে সর্বদা বাংলাদেশের জনগনের জন্য সমতা, মর্যাদা এবং ন্যায়বিচার নিশ্চিত করার আমরণ সংগ্রাম করে গেছেন।
তিনি বলেন, দেশের প্রতি বঙ্গবন্ধুর অসীম ভালবাসা এবং নিরন্তর দেশপ্রেম দিয়ে তিনি সোনার বাংলা গড়তে চেয়েছেন। সে অনুযায়ী তিনি কাজ শুরু করেন এবং সম্পূর্ণভাবে বিধ্বস্ত একটি দেশকে সাড়ে তিন বছর সময়ে এদেশের প্রত্যেক মানুষের মুখে হাসি ফোটাতে বিদ্যুৎ, কৃষি ও সমবায়, শিল্প ও বিজ্ঞান, গৃহনির্মাণ, অর্থনীতি ও বাণিজ্য ব্যবস্থাপনা, শিল্প ব্যবস্থাপনা জাতীয়করণ, শিক্ষা ও সংস্কৃতি, প্রযুক্তি, ভূমি ব্যবস্থাপনা, পরিবার পরিকল্পনা, জনসংখ্যাকে শিক্ষিত ও দক্ষ মানবসম্পদে পরিণত করার পরিকল্পনাসহ নানা কার্যক্রম বাস্তবায়ন করেছিলেন।










