গাজ্জা উপত্যকার মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহে বাস্তুচ্যুত পরিবারের তাঁবুতে পুতুল নিয়ে খেলছিল ৯ বছর বয়সী ফিলিস্তিনি শিশু ইসরা আল-হিসি। এ সময় তাঁবুগুলো লক্ষ্য করে দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের বাহিনী গুলি চালালে ইসরা ও তার মা আমিনা আল-হিসি গুলিবিদ্ধ হন।
গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দেইর আল-বালাহর পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটে।
আরব ৪৮ জানিয়েছে, ইসরা তার বাস্তুচ্যুত পরিবারের তাঁবুর ভেতরে পুতুল নিয়ে খেলছিল। এ সময় দখলদার ইসরাইলি বাহিনীর ছোড়া গুলি তার শরীরে লাগে।
ইসরার বোন মারওয়া আল-হিসি জানান, তিনি গুলিবিদ্ধ ছোট বোনকে তাঁবু থেকে বের করে আনার চেষ্টা করেন। তখনও তাদের মাথার ওপর দিয়ে গুলি যাচ্ছিল।
গুলির শব্দ শোনার পর তিনি তার মা ৫০ বছর বয়সী আমিনা আল-হিসিকেও মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
ইসরা গুলিতে নিহত হয়। তার মা আমিনা আল-হিসিও গুরুতর আহত হন এবং কয়েক ঘণ্টা পর মারা যান।
ইসরার বোন মারওয়া তার নিহত ছোট বোনের পুতুলটি তুলে ধরে বলেন, “এটা তার পুতুল। যেন অন্যায়কারী ও নীরব বিশ্ব দেখতে পায়।”
পরে আল-আকসা শহীদ হাসপাতালে মা ও মেয়ের জানাজা ও বিদায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফাও জানিয়েছে, দেইর আল-বালাহর পূর্বাঞ্চলে দখলদার ইসরাইলি বাহিনীর গুলিতে শিশু ইসরা আল-হিসি নিহত হয়েছে।
সূত্র : আনাদোলু, আরব ৪৮











