লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, হাসিনা চলে গেছে, কিন্তু হাসিনার স্টাইলে বর্তমান সরকার দেশ পরিচালনা করছে, এমন পরিস্থিতি আমরা কোনোভাবেই হতে দেব না। এ কারণেই জনগণকে ঐক্যবদ্ধ করতে আমরা দেশের প্রতিটি জেলায় যাচ্ছি।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফেনীর মহিপালে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় এসব কথা বলেন তিনি।
অলি আহমদ বলেন, ১১ দলের পক্ষ থেকে ডা. শফিকুর রহমান যখনই আন্দোলনের ডাক দেবেন, তখন ঘরে কেউ বসে থাকবেন না। সবাইকে রাস্তায় নেমে আসতে হবে। আমাদের দাবিদাওয়া পূরণ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।
পথসভায় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, এখন যারা ফ্যাসিবাদ কায়েম করতে চাইবে, তাদের মোকাবিলায় ইনশাআল্লাহ সাড়ে ১৫ বছর সময় লাগবে না। আমরা তাদের চিনি। আমরা এই মাটির সন্তান, এখানেই একসঙ্গে অনেকের সঙ্গে চলেছি। কার কতটুকু বুকের পাটা, আমরা জানি।
ফ্যাসিবাদকে দেশ থেকে বিদায় করতে জনগণকে সাড়ে ১৫ বছর অনেক সংগ্রাম, লড়াই ও যুদ্ধ করতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ আন্দোলনে সাড়ে তিন হাজারের কম মানুষ জীবন দেননি। শুধু জুলাই আন্দোলনেই ১৪শ’র বেশি মানুষ জীবন দিয়েছেন।
তিনি আরও বলেন, আমাদের বিরুদ্ধে এখন নানা ধরনের চক্রান্ত করা হচ্ছে। অথচ সাড়ে ১৫ বছর যারা ক্ষমতায় ছিল, তখন তারা কোথায় ছিল? সরকারের অনুগ্রহ নিয়ে একটি পারমিশন নিয়ে রাস্তায় দু-চারজন মানুষ নামানোর সাহসও তারা দেখাতে পারেনি। এখন তারাই বড় বড় কথা বলছে।
জামায়াতে ইসলামীর আমীর বলেন, এই চক্রান্তের বিরুদ্ধে আমরা কথা বলব, লড়াই করব। আমরা কারও জন্য নয়, শুধু আল্লাহর জন্য লড়াই করব।
বিকেল সাড়ে ৩টা থেকে চলা পথসভাটি এক ঘণ্টার মধ্যে শেষ হয়। এরপর চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয় লংমার্চ।
পথসভায় জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, এনসিপির সদস্য সচিব শাহ ওয়ালি উল্যাহ মানিকসহ ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।











