spot_img
spot_imgspot_img

কেরানীগঞ্জে ১১ বছর বয়সী মেয়ের বাল্যবিবাহের আয়োজন; বরসহ ৩ জনের কারাদণ্ড

ঢাকার কেরানীগঞ্জে ১১ বছর বয়সী এক মেয়ের বাল্যবিবাহের আয়োজনের দায়ে বর, কনের বাবা ও ঘটককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় কনের বোনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার শাক্তা ইউনিয়নের রামেরকান্দা গ্রামে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।

দণ্ডপ্রাপ্তরা হলেন বর ফরহাদ (১৯), কনের বাবা আজিজুল হক (৪০) ও ঘটক হাসান। তাদের মধ্যে ফরহাদকে এক মাসের কারাদণ্ড এবং আজিজুল হক ও হাসানকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া কনের বোনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের খবর পেয়ে বিবাহ নিবন্ধনের দায়িত্বে থাকা কাজি পালিয়ে যান। তাকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, রামেরকান্দা গ্রামে ১১ বছর বয়সী এক মেয়ের বাল্যবিবাহের প্রস্তুতি চলছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী ঘটনাস্থলে অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, বাল্যবিবাহ বন্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিয়ের সঙ্গে জড়িত কাজিকেও দ্রুত আইনের আওতায় আনা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ