ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে আজ শুক্রবার বাদ জুম’আ জাতীয় মসজিদ বায়তুল মোকররম ও হাটহাজারীসহ সারাদেশে আন্দোলনরত ছাত্র, মুসল্লীদের উপর পুলিশ এবং সরকারদলীয় নেতাকর্মীদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জী।
আজ শুক্রবার (২৬ মার্চ) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, কোন রাষ্ট্র বা সরকারের সাথে তৌহিদী জনতার শত্রুতা নেই তবে ইসলাম বিদ্বেষী নরেন্দ্র মোদির বাংলাদেশ আগমন মুসলমানরা কিছুতেই বরদাশত করতে পারছে না। কারণ গুজরাটের কসাই খ্যাত এই জালেম মোদি ৯০ ভাগ মুসলমানের দেশ বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি হতে পারে না।
তিনি আরো বলেন, নিরপরাধ প্রতিবাদী তাওহিদী জনতার ওপর সরকারি বাহিনীর বর্বর হামলা ১৯৭১ সালের ২৫ শে মার্চের কালো রাতের বর্বরতাকেও হার মানিয়েছে। অন্যায়ের প্রতিবাদ করা গণতান্ত্রিক অধিকার ও ঈমানী দায়িত্ব। স্বাধীন দেশে সরকারের কোনো কর্মকাণ্ডের প্রতিবাদ করতে না পারা দেশে ন্যায়-ইনসাফের শাসন না থাকারই প্রমাণ করে।
তিনি বলেন, প্রজাদের উপরে রাষ্ট্রীয় জুলুমের পরিণতি কখনো শুভ হয় না। মজলুমের চোখের পানি, রক্ত ও আর্তনাদ জালেম শাহীর মসনদকে তছনছ করে দিবে।











